ট্রেনে কাটা পড়ে স্বামীর মৃত্যু, দুই সন্তানকে নিয়ে বিপাকে অন্তঃসত্ত্বা অঞ্জলি মুরমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে নির্বাক অঞ্জলি মুরমু
ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে চিত্ত মার্ডি (৩৩) নামে কোল জাতিগোষ্ঠীর এক ব্যক্তির। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া-সোনাতলা এলাকায় আজ সোমবার সকাল সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হঠাৎ স্বামীর মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছে স্ত্রী অঞ্জলি মুরমুর। দুই শিশুসন্তানের এই মা ছয় মাসের অন্তঃসত্ত্বা। এমন অবস্থায় হারালেন উপার্জনক্ষম স্বামীকে।

রেলে কাটা পড়ে চিত্ত মার্ডির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ। তিনি বলেন, মরদেহ রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন চিত্ত মার্ডির মামা ঝিলিম ইউনিয়নের বৈলঠা গ্রামের দেবেন টুডুর কাছে হস্তান্তর করা হয়েছে। বেলা আড়াইটার দিকে গ্রামের শ্মশানে চিত্ত মার্ডির শেষকৃত্য সম্পন্ন হয়।

বেলা পৌনে তিনটার দিকে বৈলঠা গ্রামে গিয়ে দেখা যায়, দেবেন টুডুর বাড়ির পেছনে একটি উঠোনে অঞ্জলি মুরমুকে সঙ্গে নিয়ে ছড়িয়ে-ছিটিয়ে বসে রয়েছেন স্বজন ও পড়শিরা। এ সময় স্বজনেরা আহাজারি করলেও অঞ্জলি মুরমুকে শোকে পাথর হয়ে বসে থাকতে দেখা যায়। কোনো কথাই বলানো যায়নি তাঁকে।

অঞ্জলিকে ঘিরে বসে থাকা স্বজনেরা জানান, কোনো বাড়িঘর নেই চিত্ত মার্ডির। বাবা বিল বৈলঠা গ্রামের মহাদেব মার্ডিসহ মা, ভাই, কাকারা বসতভিটা-বাড়িঘর বিক্রি করে প্রায় এক যুগ আগে ভারতে চলে যান। চিত্ত মার্ডি থাকতেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বসতপুর গ্রামে শ্বশুরবাড়িতে। শ্বশুরের বাড়িও খাসজমিতে। তিন মাস আগে তিনি বৈলঠা গ্রামে মামা ধীরেন টুডুর বাড়িতে আসেন জীবিকার সন্ধানে।

ধীরেন টুডুর স্ত্রী রেখা কর্মকার বলেন, ‘স্বামীটাও ট্রেনে কাটা পইড়্যা মারা গেল। একে তো বহুটার প্যাটে ছয় মাসের ছ্যালা, ওদিকে আট বছরের এক ব্যাটা আর সাড়ে তিন বছরের এক বেটিকে লিয়্যা বহুটা যে কীভাবে দিন পার করবে তাই ভ্যাব্যা পাছি না। কে ওরাকে দেখবে, কেবাই সংসার চালাবে? ভাইগন্যাটারও বাপ-মা, চাচা-চাছি, ভাইয়েরা থাকে ভারতে। এ দ্যাশেও থাকার জায়গা বা বাড়িটাও নাই। হামার বাড়িতেই থাকে। হামারঘেও দিন চলে অভাব-অনটনে। কেমন কইর‌্যা টানবো ওরাকে?’

রেখা কর্মকার আরও বলেন, চিত্ত মার্ডির মৃত্যুর খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) অনেকেই এসেছেন দেখা করতে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকাও দেওয়া হয়েছে। তবে চিত্ত মার্ডির অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ভূমিহীনদের জন্য দেওয়া সরকারের একটি বাড়ি ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তারও দাবি জানান তিনি।

চিত্ত মার্ডির বড় মামা দেবেন টুডু বলেন, রমজান মাসেও একবার ট্রেনে সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে হন তাঁর ভাগনে। এরপর থেকে বাড়িতেই ছিল চিত্ত মার্ডি। আজ আবারও একই স্থানে দুর্ঘটনার শিকার হলো। তাঁর ভাগনের কিছুটা মানসিক সমস্যা ছিল বলে জানান দেবেন টুডু।

পাশের গ্রাম হুসেনডাঙ্গার বাসিন্দা ইউপি সদস্য শরীয়ত আলী প্রথম আলোকে বলেন, স্বামীর মৃত্যুতে দুই শিশুসন্তান নিয়ে অন্তঃসত্ত্বা অঞ্জলি মুরমুর অবস্থা বড়ই করুণ। তাঁর বসবাসের জন্য আশ্রয়ণ প্রকল্পের একটি বাড়ি ও আর্থিক সহায়তা দেওয়া দরকার।