ট্রেনে ছোড়া পাথরে ঠোঁট ফাটল চালকের, দুই কিশোর আটক
খুলনা থেকে যশোরের বেনাপোলগামী বেনাপোল কমিউটার ট্রেন লক্ষ্য করে ছোড়া পাথরের আঘাতে চালক আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে খুলনা নগরের প্রান্তের যোগীপোল এলাকায় ওই ঘটনা ঘটে।
খবর পেয়ে খুলনা রেলওয়ে থানা-পুলিশ ও দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা পাথর ছোড়ার অভিযোগে ওই দুই কিশোরকে আটক করেছেন।
আটক দুই কিশোরের একজনের (১৪) বাড়ি ফরিদপুর জেলার মধুখালীতে। অন্যজনের (১৩) বাড়ি গোপালগঞ্জ সদর থানার একটি গ্রামে। তারা দুজনই নগরের খানজাহান আলী থানা এলাকার যোগীপোল আদর্শ নূরানি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
আজ বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, খুলনা থেকে যশোর বেনাপোলগামী কমিউটার ট্রেন ‘বেতনা এক্সপ্রেস’ সকাল ৬টা ৪৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে যায়। সকাল সোয়া সাতটার দিকে ট্রেনটি যোগীপোল এলাকায় পৌঁছালে রেললাইনের পাশ থেকে পাথর ছুড়ে মারা হয়। এতে ট্রেনের চালক কাজী মারুফ হোসেনের মুখে আঘাত লাগে। তাঁর ঠোঁট ও মুখ কেটে রক্তান্ত হয়, কানে আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে চালক ট্রেন থামিয়ে দেয়। এরপর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে খুলনা রেলওয়ে থানা-পুলিশ ও দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও সদস্যরা অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত দুই কিশোরকে আটক করে খুলনা রেলওয়ে থানায় নিয়ে আসেন।
পুলিশ সুপার জানান, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আটক দুই কিশোরকে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তার কাছে তুলে দেওয়া হবে। ট্রেনের চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মিনিট দশেক বন্ধ রেখে চালক ট্রেনটি নিয়ে ফের বেনাপোলের উদ্দেশে রওনা হন।
আটক হওয়া ওই দুই কিশোর প্রথম আলোকে বলে, অনেকেই ট্রেনে পাথর ছোড়ে। তবে তারা এর আগে কখনো এমন কাজ করেনি। তারা কুকুরের গায়ে পাথর ছুড়ছিল। হঠাৎ ট্রেন এসে পড়ে। সেই পাথর গিয়ে চালকের গায়ে লাগে।