ট্রেনে ডাকাতের ছুরিকাঘাতে দুজন নিহতের ঘটনায় মামলা
ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতের ছুরিকাঘাতে দুজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত এক ব্যক্তির মা বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা করেন।
থানা-পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় জামালপুর রেলওয়ে থানা-পুলিশ তিন যুবককে উদ্ধার করে। তাঁদের হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়। নিহত দুজন হলো নাহিদ ও মো. সাগর। তাঁদের বাড়ি জামালপুরে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গফরগাঁও থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের মধ্যে ঘটেছে। ফলে মামলাটি ময়মনসিংহ রেলওয়ে থানায় হয়েছে। ময়নাতদন্তের পর নাহিদ ও সাগরের লাশ শুক্রবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জামালপুর শহরের বাগেরহাটা এলাকার সাগরের মা হনুফা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। ইতিমধ্যে পুলিশ ডাকাতদের চিহ্নিত করার কাজ শুরু করেছেন।
রেলওয়ে পুলিশের ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন মুঠোফোনে বলেন, এ ঘটনায় পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনার পর থেকে প্রতিটি স্টেশনে যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ট্রেনের ছাদে যাতে যাত্রীরা উঠতে না পারেন, সে ব্যবস্থা নিতে সব রেলওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।