ট্রেনে পাথর নিক্ষেপে রাবি শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে প্যারিস রোডে মানববন্ধন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
আহত শিক্ষার্থীর নাম এম এ আজিজ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র। মানববন্ধনে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে আজিজ ও তাঁর কয়েকজন বন্ধু মহানন্দা এক্সপ্রেসে করে আবদুলপুর থেকে রাজশাহীতে আসছিলেন। পথে আড়ানী স্টেশন পার হওয়ার পর তিনি দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে আহত হন। পরে বন্ধুরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসেন। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মানববন্ধনে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা ‘দুর্বৃত্তদের চিহ্নিত করুন’, ‘দুর্বৃত্তদের শাস্তি চাই’, ‘রেলগাড়ির বাইরে সিসি ক্যামেরার ব্যবস্থা চাই’, ‘রেল আইন কার্যকর করুন’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ফারসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশফাকুর রহমান এ কর্মসূচির সঞ্চালনা করেন।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা বলেন, কেন আজিজ এভাবে আহত হলেন? তারা (পাথর নিক্ষেপকারীরা) নিরপরাধ মানুষকে আঘাত করে কী মজা পায়? শিক্ষার্থীরা দ্রুত এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান। দুর্বৃত্তদের এমন শাস্তি দেওয়া হোক যেন এ ধরনের ঘটনা এ দেশে আর না ঘটে।
কর্মসূচিতে ফোকলোর বিভাগের শিক্ষার্থী রিসা বলেন, ‘নিরাপদে চলার জন্য আমরা ট্রেন বেছে নিই। কিন্তু এখন দেখছি ট্রেনেও আমরা নিরাপদ নই। পত্রিকাগুলো খুললে অহরহ দুর্বৃত্তদের পাথরের আঘাতে ট্রেনের যাত্রী আহতের ঘটনা দেখা যায়। এমনকি অনেকে মারাও গেছেন।’
ফারসি বিভাগের সভাপতি মো. ওসমান গনী মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।