ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন
যথারীতি প্ল্যাটফর্মে থামে ঢাকা অভিমুখী বলাকা এক্সপ্রেস ট্রেন। সংকেত পেয়ে স্টেশন ছাড়ার সময় ঘটে বিপত্তি। হঠাৎ ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে আজ সোমবার বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছিল। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে এটিকে উদ্ধার করার কথা। এ তথ্য জানিয়েছেন শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামিমা জাহান।
ট্রেনচালক সাজেদুর রহমান বলেন, বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি শ্রীপুর রেলস্টেশনে যাত্রাবিরতি দেন। কিছুক্ষণ পর সংকেত পেয়ে তিনি পরবর্তী স্টেশনের দিকে যাত্রা করেন। কিন্তু প্ল্যাটফর্ম অতিক্রম করার মুহূর্তে ইঞ্জিনের পেছনের অংশে একটি শব্দ পাওয়া যায়। পরে দেখা যায়, পেছনের সবগুলো বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্রুত ইঞ্জিনকে থামানো হয়। ইঞ্জিনের পেছনে গিয়ে দেখা যায়, সেখানে বাফার স্প্রিং ভেঙে গেছে। ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে বগিগুলো। এরপর ইঞ্জিনকে আউটার সিগন্যাল থেকে ঘুরিয়ে বগিগুলোর পেছনে নিয়ে সংযুক্ত করা হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ ইঞ্জিনটি বিচ্ছিন্ন হয়ে গেলেও এতে কেউ আহত হয়নি। ট্রেনটি মন্থর গতিতে স্টেশন ছাড়ছিল। তবে এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে আসে।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামিমা জাহান বলেন, ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হলেও ট্রেনটি ২ নম্বর লাইনে অবস্থান করছে। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কে ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। রিলিফ ট্রেন এসে বলাকা এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাবে।