বগুড়া রেলওয়ে স্টেশন
ট্রেনের টিকিট নেই, ভোগান্তি
কাউন্টার থেকে টিকিট নেই জানানো হলেও যাত্রীদের ডেকে ডেকে বেশি দামে টিকিট বিক্রি করতে দেখা গেছে রেলওয়ের কর্মকর্তাদের।
কম্পিউটারে ও অনলাইনে বিক্রি বন্ধ ঘোষণার পরপরই ট্রেনের টিকিট যাত্রীদের কাছে সোনার হরিণ হয়ে গেছে। টিকিটের জন্য গতকাল সোমবার বগুড়া রেলওয়ে স্টেশনের কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েও পাননি অনেক যাত্রী।
যাত্রীদের অভিযোগ, কাউন্টারে না মিললেও কালোবাজারে ট্রেনের টিকিট মিলছে ঠিকই। আর কালোবাজারির কাছ থেকে টিকিট কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা।
আজ মঙ্গলবার পর্যন্ত ঢাকায় যাত্রার কোনো টিকিট নেই, কাউন্টার থেকে এমনটা জানানো হলেও যাত্রীদের ডেকে ডেকে বেশি দামে টিকিট বিক্রি করতে দেখা গেছে রেলওয়ের কর্মকর্তাদের। টিটির (ট্রাভেলিং টিকিট এক্সামিনার) কক্ষেও মিলছে যে কোনো গন্তব্যের টিকিট।
গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বগুড়া রেলস্টেশনে নানা গন্তব্যের টিকিটপ্রত্যাশী যাত্রীদের সঙ্গে কথা হয়। তাঁরা জানিয়েছেন, রেলওয়ে থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ ঘোষণা করে যাত্রীদের সশরীর স্টেশনে এসে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে বলা হয়। এরপর যাত্রীরা সকাল থেকেই আন্তনগর লালমনি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেসের টিকিট কিনতে স্টেশন কাউন্টারে ভিড় করেন।
সরেজমিন দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া রেলস্টেশন কাউন্টারে টিকিটের জন্য ৮-১০ জন যাত্রী লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু কাউন্টারে কাউকে পাওয়া গেল না। প্রায় আধা ঘণ্টা পর বুকিং সহকারী লুৎফুল কবীর কাউন্টারে এসে যাত্রীদের জানান, মঙ্গলবার পর্যন্ত আন্তনগর ট্রেনের কোনো টিকিট নেই।
আরেক বুকিং সহকারী রায়হান কবীর প্রথম আলোকে বলেন, লালমনি ও রংপুর এক্সপ্রেস মিলে বগুড়া কাউন্টারে প্রতিদিন ৫৫টি শোভন এবং ১৪টি শীতাতপ নিয়ন্ত্রিত স্নিগ্ধার টিকিট বরাদ্দ। অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকায় কাউন্টারে চাপ বেড়েছে। অনেকেই টিকিট না পেয়ে ঘুরে যাচ্ছেন।
নাম প্রকাশ না করার শতে৴ স্টেশনের এক কর্মকর্তা বলেন, সিএনএস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান টিকিট বিক্রির কার্যক্রম পরিচালনা করে আসছিল। ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে, সহজ ডটকম নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তি হয়েছে। নতুন প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনার জন্য পাঁচ দিন সময় নিয়েছে। ফলে ওই পাঁচ দিন রেল কর্তৃপক্ষকে ম্যানুয়ালি টিকিট বিক্রি করতে হচ্ছে। এতেই বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।
বেলা একটায় কাউন্টারের সামনে টিকিটের জন্য দাঁড়িয়েছিলেন মোজাহেদুল ইসলাম। এ সময় একজন কালোবাজারি তাঁর কাছে এসে জানতে চান, ‘ঢাকায় যাবেন? কয়টা টিকিট লাগবে?’ দুটি নন-এসি শোভন চেয়ার টিকিট লাগবে জানাতেই ওই কালোবাজারি ১ হাজার ২০০ টাকা চাইলেন। দরদাম করে শেষে লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি টিকিট ১ হাজার ১০০ টাকায় কেনেন তিনি। অথচ টিকিটে দুজন যাত্রীর ভাড়া উল্লেখ ছিল ৭৯০ টাকা।
মবেলা ১টা ২০ মিনেটে লালমনি এক্সপ্রেস স্টেশনে আসার পরপরই পাল্টে যায় কাউন্টারের বাইরের চিত্র। টিকিট বিক্রির তোড়জোড় শুরু করেন রেলওয়ের কর্মকর্তারা। স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের কাছে প্ল্যাটফর্মে দাঁড়িয়েই ঢাকায় যাত্রার টিকিট বিক্রি করতে দেখা যায় এক কর্মকর্তাকে। একজন যাত্রীর কাছে সাধারণ শোভন শ্রেণির ৩৯৫ টাকার টিকিট বিক্রি করতে দেখা যায় ৫০০ টাকায়।
শাহেদ আলী নামের একজন যাত্রী অভিযোগ করেন, এসি চেয়ারের (স্নিগ্ধা) ভাড়া ৬৬০ টাকা। অথচ রেলওয়ের এক কর্মকর্তার কাছ থেকে এই টিকিট কিনতে হয়েছে ১ হাজার টাকায়। এ অভিযোগের সূত্র ধরে ওই কর্মকর্তার পিছু নিয়ে তাঁকে টিটির কক্ষে ঢুকতে দেখা যায়। এ সময় এই প্রতিবেদককে যাত্রী ভেবে তিনি জানতে চান, ঢাকার টিকিট লাগবে কি না।
কাউন্টারে টিকিট নেই, তাঁর কাছে কীভাবে মিলছে জানতে চাইলে নিজেকে স্টেশনমাস্টার পরিচয় দিয়ে ওই কর্মকর্তা জানান, তাঁর নাম সাজেদুর রহমান ওরফে সাজু। বলেন, ‘নিজেদের লোকজনের জন্য টিকিট রেখেছিলাম।’