ট্রেনের ধাক্কায় ইজিবাইক তিন টুকরা, চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলার ম্যাপ

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক তিন টুকরা হয়ে গেছে। এতে ইজিবাইকের চালক সোহেল খান (২৫) ঘটনাস্থলেই মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটায় উপজেলার রূপপাত ইউনিয়নের বনমালীপুর রেলস্টেশন থেকে আনুমানিক ৫০ গজ দূরে অরক্ষিত রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল খান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নড়াইলখান গ্রামের নাজির খানের ছেলে। তিন ভাইবোনের মধ্যে তিনি মেজ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকাল সাড়ে আটটায় অরক্ষিত ওই রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জের গোবড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি তিন টুকরা হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সোহেল খান। পরে বোয়ালামরী থানার পুলিশ ঘটনাস্থল থেকে সোহেলের লাশ উদ্ধার করে। ওই রেলক্রসিংয়ের উভয় পাশে দোকান থাকায় এবং গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মামুন অর রশিদ বলেন, ইজিবাইকচালকের লাশ বনমালীপুর রেলস্টেশনে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে রেলওয় পুলিশ।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মাসুদ আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। মৃতের পরিবারের আপত্তি না থাকলে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।