ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যুর পরদিন রেলক্রসিংয়ে বসল বাঁশের বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলওয়ে কর্তৃপক্ষের অপেক্ষায় না থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে হাজির মোড় রেলক্রসিংয়ে বসানো হয়েছে অস্থায়ী বাঁশের বার। যা ধাতব বারের আদলে বানিয়ে রং করা হয়েছে
ছবি: আনোয়ার হোসেন

চাঁপাইনবাবগঞ্জে ভটভটিতে ট্রেনের ধাক্কায় তিনজন নিহতের ঘটনার পরদিন রেলক্রসিংয়ে বসানো হয়েছে বাঁশের অস্থায়ী বার। রেলওয়ে কর্তৃপক্ষের অপেক্ষায় না থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে হাজির মোড় রেলক্রসিং ও বিদিরপুর রেলক্রসিংয়ে বাঁশের বার বসানো হয়।

পৌরসভার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা মিলে বাঁশ দিয়ে দুটি রেলক্রসিংয়ে বার বসান। এ কাজ তদারক করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাজু আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘পৌর মেয়র মোখলেসুর রহমানের নির্দেশে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আহমেদ ও আমার তত্ত্বাবধানে হাজির মোড় ও বিদিরপুর রেলক্রসিংয়ে গেট নির্মাণ করা হয়েছে। রেল কর্তৃপক্ষের উদ্যোগে স্থায়ীভাবে গেট নির্মাণ ও পরিচালনা না করা পর্যন্ত পৌরসভার নিয়োজিত লোক স্টেশনমাস্টারের সঙ্গে সমন্বয় করে গেট পরিচালনা করবেন।’

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হাজির মোড় রেলক্রসিং দিয়ে সারা দিন অসংখ্য যানবাহন চলাচল করে। এখানে গেট না থাকার কারণেই সোমবার সকালে রেলক্রসিং পার হওয়ার সময় একটি ভটভটিকে ধাক্কা দেয় রাজশাহীগামী ট্রেন। এ সময় ভটভটিচালকসহ তিনজন মারা যান। এতে এলাকাবাসী যেমন শোকাহত হন, তেমনি ক্ষোভও প্রকাশ করেন।

বিষয়টি বিবেচনায় নিয়ে পৌরসভার মেয়র অস্থায়ীভাবে বাঁশের বার বসানোর নির্দেশ দেন। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের স্টেশনমাস্টার শহিদুল আলম বলেন, হাজির মোড় রেলক্রসিংয়ে পৌরসভার উদ্যোগে অস্থায়ী বাঁশের বার বসানোর খবর তিনি জেনেছেন। এটি একটি ভালো উদ্যোগ।

আরও পড়ুন