ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলি মিয়া
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলসেতুতে ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ তরুণের লাশ পাওয়া গেছে। তিন দিন নিখোঁজ থাকার পর আজ মঙ্গলবার সকালে ডাঙ্গা ইউনিয়নের গুদারাঘাট এলাকায় তাঁর লাশ ভেসে ওঠে। খবর পেয়ে বেলা ১১টায় ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।

মৃত অলি মিয়া (১৮) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বড়পাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে। অলি নরসিংদীর মাধবদীতে চাচার বাড়িতে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গত শনিবার বিকেল পাঁচটায় ঘোড়াশাল রেলসেতুর মাঝামাঝি অংশে মুঠোফোনে ছবি তোলার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অলি শীতলক্ষ্যা নদীতে পড়ে যান।

ওই তরুণের স্বজন ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে চারটায় শাজাহান নামের এক তরুণের সঙ্গে অলি মিয়া মাধবদী থেকে ঘোড়াশাল রেলসেতুতে বেড়াতে এসেছিলেন। এরপর ছবি তুলতে তুলতে অলি মিয়া সেতুর মাঝখানে চলে যান। বিকেল পাঁচটায় সেতু দিয়ে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে চিৎকার করতে শুরু করেন শাজাহান নামের ওই তরুণ। দুর্ঘটনার হাত থেকে বাঁচতে অলি মিয়া ওই সময় সেতুর ওপর দিয়ে দৌড়াতে শুরু করেন। এরই মধ্যে ট্রেনটি অলিকে ধাক্কা দিলে তিনি শীতলক্ষ্যা নদীতে পড়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও তাঁকে উদ্ধার করতে পারেনি।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল আলম জানান, ট্রেনের ধাক্কায় নিখোঁজ তরুণের লাশ পলাশের ডাঙ্গা ইউনিয়নের গুদারাঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত তরুণের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মামলা করা হচ্ছে না। তাঁদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে ওই তরুণের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।