দিনাজপুরের পার্বতীপুরে খুলনা-চিলাহাটীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষে লিমন (২০) নামের পিকআপচালকের সহকারী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া ভেলাইপাড় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। সংঘর্ষে পিকআপচালক দেলোয়ার হোসেন ও মুরগি ব্যবসায়ী মাসুম (২২) গুরুতর আহত হয়েছেন। তাঁদের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিমনের লাশ দিনাজপুরের এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।
আহত মাসুমের মামা মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া ভেলাইপাড় রেলগেটটি অরক্ষিত। রেলগেটের দুই পাশে বাঁশঝাড় ও জঙ্গলের কারণে আজ এ দুর্ঘটনা ঘটে। রেলগেটটির কাছে না পৌঁছালে ট্রেন দেখা যায় না। আজ সকালে সিরাজগঞ্জ থেকে মুরগির বাচ্চা নিয়ে পিকআপটি ঝাইপাড়া গ্রামে আসে। মুরগির বাচ্চা দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, আহত পিকআপচালকের অবস্থা গুরুতর। তবে মাসুম অনেকটা ভালো আছেন।
পার্বতীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শওকত আলী বলেন, ‘ঝাউপাড়া ভেলাইপাড় রেলগেটে ব্যারিয়ার (প্রতিবন্ধক) না থাকায় রেলগেটটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা এ নিয়ে ওপর মহলে জানিয়েছি, যাতে দ্রুত সেখানে ব্যারিয়ার দেওয়া হয়।’