ঠাকুরগাঁও আইনজীবী সমিতিতে আ.লীগ–সমর্থিতদের নিরঙ্কুশ জয়
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের তোজাম্মেল হক–ইমরান হোসেন প্যানেল জয় পেয়েছে। ১২টি পদের মধ্যে ১১ পদেই জয়ী হয়েছেন তাঁরা। বাকি একটি পদে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী জয়ী হয়েছেন।
গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আদালত চত্বরের আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাত ১১টার দিকে নির্বাচনের প্রধান কমিশনার আজিজুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীদের মধ্যে সভাপতি পদে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী তোজাম্মেল হক ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সৈয়দ আলম পেয়েছেন ৬২ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ–সমর্থিত ইমরান হোসেন চৌধুরী ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, বিএনপি–সমর্থিত এন্তাজুল হক পেয়েছেন ৬৩ ভোট।
এ ছাড়া অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহসভাপতি ফজলুল হক ও আবু মনসুর, যুগ্ম সম্পাদক আবু আলা মো. হালিমুজ্জামান হেলালি, পাঠাগার সম্পাদক শাহাজাহান কবীর, কমনরুম ও কালচারাল সম্পাদক আতিকুর রহমান, সদস্য মোহাম্মদ ইদ্রিস, মো. আসাদুজ্জামান, আবুল কালাম আজাদ ও জয়ন্ত রায়। আর অর্থ সম্পাদক পদে বিএনপি–সমর্থিত একমাত্র প্রার্থী নুরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা আগামী এক বছরের জন্য জেলা আইনজীবী সমিতির দায়িত্ব পালন করবেন।