ঠাকুরগাঁও ও চাঁদপুরে আরও দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় প্রাণ গেল আরও দুজনের। ঠাকুরগাঁওয়ে গতকাল রোববার নির্বাচন-পরবর্তী দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে মাথায় ইটের আঘাতে এক নারী নিহত হন। আর চাঁদপুরে ভোটের দিন গত শনিবার রাতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় আহত হওয়া যুবলীগের একজন কর্মী গতকাল মারা গেছেন। এ নিয়ে নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত মোট ৬৫ জনের প্রাণ গেল।
এ ছাড়া শনিবার রাত ও গতকাল পাঁচ জেলায় নির্বাচন-পরবর্তী সংঘাত, সহিংসতা, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯০ জন।
ঢাকার বাইরের প্রথম আলো কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝারি গ্রামে শনিবার রাতে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে মাথায় ইটের আঘাতে আসমা বেগম (৫৮) নামের একজন নারী মারা গেছেন।
স্থানীয় লোকজন জানান, শনিবারের নির্বাচনে আমজানখোর ইউনিয়নে সদস্য প্রার্থী পদে সলেমান আলী নির্বাচিত হন। রাতে সলেমান আলীর সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী গুল মোহাম্মদের লোকজনের সংঘর্ষ বাধে। উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়ে আসমা বেগম মাথায় ইটের আঘাতে মারা যান। তিনি গুল মোহাম্মদের খালা। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নির্বাচনী সহিংসতায় যুবলীগের আহত কর্মী জামাল হোসেন (৩০) গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা টাওয়ার হাসপাতালে মারা গেছেন। জামাল হোসেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুর রাজ্জাকের সমর্থক ছিলেন।
স্থানীয় লোকজন বলেন, শনিবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগের কর্মীরা রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দখল করতে যান। তখন দলের বিদ্রোহী প্রার্থী আবদুল মমিনের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। জামাল হোসেনকে বেদম প্রহার ও ছুরিকাঘাত করা হয়।
তাঁকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে স্বজনেরা তাঁকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।
এদিকে সকালে জামালের মৃত্যুর জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা তোফায়েলকে দায়ী করে জামালের আত্মীয়স্বজন তোফায়েলের বাসভবন ঘেরাও করলে তিনি পালিয়ে যান।
সহকারী পুলিশ পরিদর্শক (হাজীগঞ্জ সার্কেল) আবু হানিফ বলেন, জামালের লাশ গোপনে কবর দেওয়ার চেষ্টা হচ্ছিল। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। জামালের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতে রাজি হচ্ছেন না। তাঁরা মামলা না করলে পুলিশ মামলা করবে।
নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় দুই পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন গতকাল সকালে।
পুলিশ জানায়, সিংগাশোলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম এবং দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করে দুজনই পরাজিত হন। পরাজয়ের জন্য উভয় প্রার্থীর সমর্থকেরা একে অপরকে দোষারোপ করেন। এরই জের ধরে গতকাল সকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা করলে ৩০ জন আহত হন।
নরসিংদীর রায়পুরায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল সকালে নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও এলাকায় আওয়ামী লীগ মনোনীত ও বিজয়ী প্রার্থী মো. তাজুল ইসলাম ও দলের বিদ্রোহী ও পরাজিত প্রার্থী আবদুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পাঁচ থেকে ছয়টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য প্রার্থী ও তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন দুই পরাজিত প্রার্থীর সমর্থকেরা। গতকাল বেলা দেড়টার দিকে ওই ওয়ার্ডের সাজিমারা গ্রামে ঘটনাটি ঘটেছে। এতে আহত হয়েছেন ১৫ জন।
পুলিশ জানায়, ৬ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে আবদুল ছাত্তার বিজয়ী হন শনিবারের নির্বাচনে। পরাজিত দুই প্রার্থী হামিদুর রহমান ও মোশারফ হোসেনের লোকজন গতকাল দুপুরে বিজয়ী প্রার্থী ও তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালান।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে শনিবার রাতে ইউপি সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। এ ছাড়া ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামের ইউপি প্রার্থীদের মধ্যে তিনজন আহত হয়েছেন।
এ ছাড়া শনিবার রাতে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে নির্বাচনে পরাজিত হয়ে এক মেম্বার প্রার্থীর লোকজন ৬ নম্বর ওয়ার্ডের হাজিপাড়া এলাকার সংখ্যালঘু হিন্দুধর্মাবলম্বীদের তিন থেকে চারটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে ওই এলাকার অর্ধশতাধিক হিন্দুধর্মাবলম্বী ব্যক্তি আদালত চত্বরে এসে গণমাধ্যমকর্মীর কাছে এ অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেন, মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজিপাড়া এলাকার বেশ কয়েকজন হিন্দুধর্মাবলম্বী সদস্য প্রার্থী মো. আকবর আলীর পক্ষে কাজ করেন। কিন্তু অপর সদস্য প্রার্থী হারিসুল ইসলাম এটা মেনে নিতে পারেননি। ভোট শেষে গণনায় আকবর ও হারিসুল দুজনেই পরাজিত হন। হারিসুলের পরাজয়ের কারণ হিসেবে হিন্দুধর্মাবলম্বী ব্যক্তিদের দায়ী করেন। তাঁর সমর্থকদের হামলায় হিন্দুধর্মাবলম্বী দুজন ব্যক্তি আহত হয়েছেন।