ঠাকুরগাঁও বিমানবন্দর শিগগিরই চালু করা হবে: বিমানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও বিমানবন্দর শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল বুধবার তিনি ঠাকুরগাঁও বিমানবন্দরের অবকাঠামো পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে রাশেদ খান মেনন ঠাকুরগাঁওয়ে এসে পৌঁছান। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঠাকুরগাঁও বিমানবন্দরে গিয়ে অবকাঠামো পরিদর্শন করেন। পরে সেখানে তিনি বিমানবন্দর চালু করার বিষয়ে নানা পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলী, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
রাশেদ খান মেনন বলেন, ‘ব্রিটিশ আমলে আড়াই শ একর জমির ওপর নির্মিত এ বিমানবন্দরে বিমান চলাচলের সব ধরনের অবকাঠামো রয়েছে। এটি চালু করতে তেমন কোনো খরচ হবে না। এটি চালু করার জন্য যা দরকার, আমরা তিন মাসের মধ্যে সে কাজ শুরু করব। এ পর্যটন বছরের মধ্যে এ বিমানবন্দরটি চালু করব।’
রাশেদ খান মেনন বলেন, দুই বছর ধরে বিমানকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তর করার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। পঞ্চগড় স্থলবন্দর চালু হলে এ এলাকায় বিমান লাভবান হবে।
প্রসঙ্গত, ১৯৪০ সালের দিকে সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় একটি বিমানবন্দর নির্মাণ করা হয়। ১৯৭৮-৭৯ সালের দিকে এ বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পড়ে থাকার পর চালুর লক্ষ্যে ১৯৯৪ সালে বিমানবন্দরটি সংস্কার করা হয়। পরে সেটি আর চালু হয়নি। বর্তমানে বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় রয়েছে।