ঠাকুরগাঁওয়ে কাঠবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
ঠাকুরগাঁও সদর উপজেলায় কাঠবোঝাই ট্রলির চাপায় নীরব রায় (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার আকচা ইউনিয়নের কাশিডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নীরব রায় আকচা তাঁতিপাড়া গ্রামের নরোত্তম রায়ের ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রলিতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেল তিনটার দিকে কাঠবোঝাই ট্রলির পেছনে পেছনে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল নীরব। এ সময় ট্রলিটি ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সে চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চালক ট্রলি ফেলে পালিয়ে যান। সে সময় বিক্ষুব্ধ জনতা ট্রলিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রলির আগুন নিয়ন্ত্রণ আনেন এবং নীরবের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়ায় ট্রলির চালককে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে।