ঠাকুরগাঁওয়ে আ.লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় ৪ সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলায় আহত সাংবাদিকেরা। শনিবার বেলা তিনটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার মন্ডলপাড়ায়
ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁও সদর উপজেলার নবগঠিত সেনুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় চার সাংবাদিক আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা তিনটার দিকে ইউনিয়নটির মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন।

আহত চার সাংবাদিক হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্টের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান, নিউজবাংলার জেলা প্রতিনিধি সোহেল রানা, অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডির জেলা প্রতিনিধি মাইনুদ্দিন তালুকদার ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি জাহিদ হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি–সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমানের কর্মী-সমর্থকদের উঠান বৈঠক চলার সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নোবেল কুমার সিংহের সমর্থকেরা উসকানিমূলক স্লোগান দেন। এ নিয়ে দুই পক্ষ বিবাদে জড়ালে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ধাওয়া দেন নৌকার প্রার্থীর কর্মীরা। সেই ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালান নোবেল কুমারের সমর্থকেরা।

হামলায় আহত সাংবাদিক তানভীর হাসান প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন নিয়ে সেনুয়া এলাকায় উত্তেজনা চলছে খবর পেয়ে আমরা কয়েকজন সাংবাদিক সেখানে গিয়ে দেখতে পাই, আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকেরা চিৎকার করে স্বতন্ত্র প্রার্থীর লোকজনের ওপর হামলার জন্য গাছের ডালপালা ভাঙছে। সে সময় ছবি তুলতে গেলে তারা আমাদের ক্যামেরা কেড়ে নেয়। পরে তারা আমাদের বেধড়ক মারধর করে। একপর্যায়ে আমার গলা চেপে ধরে। পরে গ্রামের নারীরা এগিয়ে এসে আমাদের উদ্ধার করেন।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের ইপি চেয়ারম্যান প্রার্থী নোবেল কুমার সিংহ। তিনি বলেন, ‘ঘটনাটি শুনেছি। এর সঙ্গে আমার কর্মী-সমর্থকেরা জড়িত নয়। হয়তো অন্য কেউ হামলার ঘটনা ঘটিয়ে নৌকার সমর্থকদের নাম ব্যবহার করছে।’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘সেনুয়া এলাকায় নির্বাচন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেনেছি কয়েকজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ করেন জেলায় কর্মরত সাংবাদিকেরা। সমাবেশে প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল হক, গোলাম সারোয়ার প্রমুখ বক্তব্য দেন।