ঠাকুরগাঁওয়ে এ বছরের সর্বোচ্চ করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার পরীক্ষা
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এটি এই বছর এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত। আজ মঙ্গলবার সকালে জেলার সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার এ তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৮৮টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৫ জন, বালিয়াডাঙ্গীতে ৩ জন, রানীশংকৈল ও হরিপুর উপজেলায় ২ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২৫ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত বছরের ১১ এপ্রিল ঠাকুরগাঁওয়ে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত ১০ হাজার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৫। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪০ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ২ দশমিক ২৪ শতাংশ।

জুন মাসে ঠাকুরগাঁওয়ে হঠাৎ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এ মাসের সাত দিনে জেলায় ৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চারজনের মৃত্যু হয়েছে। এই মাসের সাত দিনে ৩৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনার তুলনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৩৭ শতাংশ।

জুন মাসে ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলায় করোনায় মৃত্যু ও আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। জেলায় শনাক্ত ৯৫ জনের মধ্যে ৭৯ জনই এই দুই উপজেলার বাসিন্দা। এর মধ্যে সদর উপজেলায় ৪৯ জন ও বালিয়াডাঙ্গীতে ৩০ জন রোগী আছেন।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার বলেন, ঠাকুরগাঁওয়ে এ বছর গোটা এপ্রিল মাসে সর্বোচ্চ ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর জুন মাসের সাত দিনেই সেই সংখ্যা ছুঁয়ে গেছে। এ সময়ে মারাও গেছেন চারজন। এ থেকে বোঝা যায়, করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা কমে এসেছে। কেউই স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে চান না, এটাই এখানে করোনা সংক্রমণের একমাত্র কারণ।

জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বলেন, জেলায় করোনা শনাক্তের হার দ্রুত বাড়ছে। মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে প্রশাসনের আবার কঠোর হওয়া ছাড়া উপায় নেই। কয়েক দিন করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।