ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জমি দখলে নেওয়ার চেষ্টার অভিযোগে বিক্ষোভ। শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায়
ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জমি দখলে নেওয়ার চেষ্টার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে শহরের চৌরাস্তায় ‘জাতীয় আদিবাসী পরিষদ’ ও ‘আদিবাসী ওঁরাও সংগঠন’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন এই কর্মসূচিতে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তায় এসে জড়ো হন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলার সভাপতি যাকোব খালকোর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী, আদিবাসী ওঁরাও সংগঠনের উপদেষ্টা সুবাস কুজুর, জাতীয় আদিবাসী পরিষদের সদস্য নয়মী টপ্য, জসপিনা এক্কা প্রমুখ বক্তব্য দেন।

জাতীয় আদিবাসী পরিষদের নেতারা বলছেন, ঠাকুরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বাবুল ও তাঁর সহযোগীরা নানা নির্যাতন-নিপীড়ন করে এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জমি দখলে নেওয়ার চেষ্টা করে আসছেন। তারই অংশ হিসেবে ১৭ এপ্রিল এলাকার কালোদীঘি কালীমন্দিরের পাশের একটি পুকুর দখল নিতে চেষ্টা চালান বাবুল ও তাঁর লোকজন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন প্রতিরোধ করলে তাঁরা সেখান থেকে পালিয়ে যান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ১৭ এপ্রিলের ঘটনায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ এনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে শুক্রবার দুপুরে সাবেক কাউন্সিলর মো. বাবুলের নেতৃত্বে এলাকায় মানববন্ধন করা হয়। একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বাবুল হ্যান্ড মাইকের মাধ্যমে সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয়। পরে সেখান থেকে মো. বাবুলকে আটক করে পুলিশ।
আদিবাসী পরিষদের সদস্য জসপিনা এক্কা বলেন, কাউন্সিলর বাবুলসহ কয়েকজন আওয়ামী লীগের লোকজন হামলা-মামলা দিয়ে তাঁদের জমি দখলে নেওয়া চেষ্টা করছেন। তাঁরা জীবন দেবেন, তবু জমি দখল নিতে দেবেন না।

আদিবাসী ওঁরাও সংগঠনের উপদেষ্টা সুবাস কুজুর বলেন, আদবাসীদের জমি দখলে নিতেই বিভিন্ন উসকানি দেওয়া হচ্ছে। এটা করছেন এলাকার ভূমিদস্যু বলে পরিচিত সাবেক কাউন্সিলর বাবুল। আর তাঁকে নেতৃত্ব দিচ্ছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত। এই ষড়যন্ত্রে তাঁরা সফল হলে তাঁদের এলাকা ছেড়ে চলে যাওয়া ছাড়া উপায় থাকত না।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন। সেখানে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।

স্মারকলিপি পেয়ে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, এই এলাকার ক্ষুদ্র জনগোষ্ঠীর লোকজন খুবই নিরীহ। তাঁদের নিয়ে কেউ যাতে সাম্প্রদায়িক বা গোষ্ঠীগত রং লাগিয়ে স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে, তাদের আইনের আওতায় আনা হবে।

অভিযোগের বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত ওরফে সমীর বলেন, জীবনে কখনোই তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জমি কেনেননি। তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকে ব্যবহার করে অপপ্রচারে নেমেছে। সাবেক কাউন্সিলর বাবুলের সঙ্গে তাঁর কোনো সম্পর্কও নেই।