ঠাকুরগাঁওয়ে চাহিদামতো মিলছে না টিসিবির পণ্য
খোলাবাজারে বিক্রির জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য নিয়ে পুরো শহরে ঘুরছে মাত্র একটি ট্রাক। চাহিদার তুলনায় পণ্যের পরিমাণ কম। এ কারণে শহরের নিম্ন আয়ের ভোক্তারা সুফল পাচ্ছেন না।
টিসিবির রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, এই জেলায় সরকারি উদ্যোগে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রির জন্য ২৫ জন ডিলার নিয়োগ করা হয়। কিন্তু চুক্তিপত্রের শর্তানুযায়ী বরাদ্দ না তোলায় ১০ জন ডিলারের অনুমতিপত্র (লাইসেন্স) বাতিল করা হয়। ১৬ মে শহরে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। জেলায় পণ্য তুলেছেন শুধু দুজন ডিলার। তাঁদের মধ্যে একজন শহরে, অন্য জন ইউনিয়ন পর্যায়ে পণ্য বিক্রি করছেন।
প্রতিটি ট্রাকে প্রতিদিন বিক্রির জন্য একজন ডিলারকে ৪০০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল, ২০০ লিটার সয়াবিন তেল ও ৪০০ কেজি ছোলা বরাদ্দ দেওয়া হয়। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৮০ টাকা, ছোলা ৭০ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা দরে বিক্রির কথা। একেকজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি মসুর ডাল, ৫ কেজি ছোলা ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নরেশ চৌহান সড়কে দেখা যায়, ভ্রাম্যমাণ ট্রাকের পেছনে অনেক মানুষ সারি বেঁধে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে একজন শহরের খালপাড়ার রিকশাচালক মো. ওলিউর। তিনি ১ কেজি ছোলা ও ২ কেজি চিনি কিনেছেন। সয়াবিন তেল কিনতে চেয়েছিলেন কিন্তু পাননি। ওলিউর বলেন, সয়াবিন তেল আগেই নাকি বিক্রি হয়ে গেছে। ট্রাকে পণ্য আরও বেশি রাখা দরকার। তাহলে ক্রেতাদের খালি হাতে ফিরে যেতে হবে না।
চাহিদামতো পণ্য না পেয়ে গোয়ালপাড়া মহল্লার হারিসুল ইসলাম আক্ষেপ করে বলেন, টিসিবির পণ্য কিনতে পারলে তাঁর কিছু টাকা সাশ্রয় হতো। কিন্তু পণ্য কম থাকায় সেটি সম্ভব হচ্ছে না।
কলেজপাড়া মহল্লার বাসিন্দা হাসান আলী বলেন, রমজান সামনে রেখে প্রতিবছরই কম দামে পণ্য বিক্রি করে টিসিবি। বাজার নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায়। এখানে সীমিত পণ্য নিয়ে শুধু একটি ট্রাকে তা বিক্রি করা হচ্ছে। ফলে তা বাজারদর নিয়ন্ত্রণে কোনোভাবেই কাজে আসছে না।
টিসিবির ডিলার সুব্রত সরকার বলেন, শহরে যে পরিমাণ পণ্যের চাহিদা রয়েছে, তা টিসিবির একজন ডিলারের নামে বরাদ্দ দেওয়া পণ্য দিয়ে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। সে কারণে তাঁকে মানুষের নানা কথা শুনতে হয়। তিনি বলেন, ক্রেতার চাহিদার তুলনায় পণ্য অনেক কম। অনেকে খালি হাতে ফিরে যান।
বরাদ্দ না তোলা প্রসঙ্গে টিসিবির আরেক ডিলার মো. হাসান আলী বলেন, ট্রাকের ভাড়া আর মালামাল বিক্রিতে নিয়োজিত লোকের মজুরি দিয়ে হাতে তেমন কিছু থাকে না। তাই ডিলাররা বরাদ্দ তুলতে আগ্রহ দেখান না।
টিসিবি রংপুর কার্যালয়ের প্রধান মিশকাতুল আলম বলেন, ঠাকুরগাঁও শহরে ট্রাকে পণ্য বিক্রির জন্য মাত্র একজন ডিলার বরাদ্দ তুলেছেন। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, চাহিদার তুলনায় তা অনেক কম।