ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতে শীতের সঙ্গে কুয়াশা। বেলা বাড়লে কিছুটা ঝলমলে সূর্যের আলো। অগ্রহায়ণের শেষ পর্যন্ত এভাবেই চলছে। ঘন কুয়াশায় ঢেকে আছে ঠাকুরগাঁওয়ের শহরতলির দেওগাঁও
ছবি: মজিবুর রহমান

রাতে শীতের সঙ্গে কুয়াশা। আর দিনেরবেলা ঝলমলে সূর্যের আলো। কয়েক দিন থেকে এমনই চলছিল। তবে আজ রোববার ঘন কুয়াশায় ঢেকে গেছে ঠাকুরগাঁওয়ের আকাশ। প্রকৃতিতে জেঁকে বসেছে শীত। বেলা একটা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। শীতের কাপড় পরে বিভিন্ন গন্তব্যে ছুটতে দেখা যায় সাধারণ মানুষকে।

ঠাকুরগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের কোনো কার্যালয় নেই। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয় স্থানীয় তাপমাত্রার হিসাব রাখে। এই দপ্তর সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ২৫ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আজ রোববার সকালে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, ৭ ডিসেম্বর সর্বোচ্চ ২৭ ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি, ৯ ডিসেম্বর সর্বোচ্চ ২৬ ও সর্বনিম্ন ১৬ ডিগ্রি, ১০ ডিসেম্বর সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি, ১১ ডিসেম্বর সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি, ১২ ডিসেম্বর সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। আর আজ সকাল নয়টার দিকে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন ধীরে ধীরে তাপমাত্রা কমছে।

সকাল আটটায় সদর উপজেলার দেওগাঁও, ভাতগাঁও এবং বরুণাগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, চারদিক কুয়াশায় ঢাকা। রাস্তায় লোকজন চলাচল নেই বললেই চলে। ফসলি জমিতে অল্পসংখ্যক কৃষক কাজ করছেন। খড়কুটো জ্বালিয়ে কেউ কেউ আগুন পোহাচ্ছেন। চট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে গবাদিপশুর শরীর। কাজের সন্ধানে আসা একদল শ্রমিক পৌনে নয়টার দিকে শহরের চৌরাস্তায় জবুথবু হয়ে দাঁড়িয়ে আছেন। তাঁদের মধ্যে একজন সদর উপজেলার ভাতগাঁও গ্রামের দেবেন রায় (৫৯)। তিনি বলেন, ‘আজ কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। শীতও করছে। তবুও পেটের জন্য ঘর থেকে রের হতে হয়েছে।’ পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলেন নারগুন গ্রামের শ্রমিক আইয়ুব আলী (৫৪)। তিনি বলেন, ‘সকালে ঠান্ডাত ঘর থাকি বাইর হবা কষ্ট লাগে। কাজ না করিলে বাচ্চা-কাচ্চা নিয়ে খামো কী? সে কারণে কাজ খুঁজিবা বাইর হইনু।’

সকাল সাড়ে নয়টার দিকে টাঙ্গন নদের পাশে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছিল। বরুনাগাঁও গ্রামের মনিরুল ইসলাম বলেন, সপ্তাহখানেক ধরে মানুষ শীত অনুভব করছে। তবে শুক্রবার থেকে হঠাৎ শীতের তীব্রতা বেড়ে গেছে।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বলেন, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে ২৫ হাজার কম্বল বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও কম্বলের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। এ ছাড়া বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছে।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগ বাড়ছে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল সূত্র জানায়, ঠান্ডাজনিত সমস্যা নিয়ে অনেকেই হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে শিশুরা ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে বেশি। আজ সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে শিশু বিভাগে ১১০টি শিশু ভর্তি হয়েছে। তাদের অধিকাংশই ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত। হাসপাতালের শিশু চিকিৎসক শাহজাহান নেওয়াজ বলেন, এই সময়ে বিশেষ করে শিশুরা শ্বাসকষ্ট, ডায়রিয়া, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে পড়ছে। একটু সতর্ক থাকলে এসব রোগ এড়ানো সম্ভব।