ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ভেলাজান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল হাকিম (৫০)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের মৃত খমির উদ্দীনের ছেলে। আহত দুজন হলেন আবদুল হালিমের মেয়ে সুইটি বেগম ও তাঁর স্বামী আলতাফুর রহমান।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মেয়ের চিকিৎসার জন্য মেয়ে ও জামাইকে একটি মোটরসাইকেলে পেছনে নিয়ে আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরে যাচ্ছিলেন আবদুল হাকিম। পথে ভেলাজান এলাকায় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

স্থানীয় লোকজন আহত সুইটি বেগম ও আলতাফুর রহমানকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানান, আহত সুইটি বেগম ও তাঁর স্বামী আলতাফুর রহমান ভালো আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।