ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঠাকুরগাঁও পৌর শহরে ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গী-লাহিড়ী সড়কে ও দুপুরে পৌর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের সুজন ইসলাম (১৭) ও পৌর শহরের কালীবাড়ি এলাকার নুরুল ইসলাম (৬০)।
বালিয়াডাঙ্গী থানা–পুলিশ জানায়, আজ সকালে সুজনের চাচাতো ভাই দেলোয়ার ঢাকা থেকে বালিয়াডাঙ্গীতে আসেন। মোটরসাইকেল নিয়ে সুজন তাঁর ভাইকে নিতে বাসস্ট্যান্ডে যান। ভাইকে নিয়ে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা নছিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুজন মারা যান।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দেলোয়ারকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, আজ দুপুরে নুরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। শহরের বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছালে একটি ট্রলির সঙ্গে নুরুলের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নুরুল ইসলাম মারা যান। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।