ঠাকুরগাঁওয়ে লকডাউনের মধ্যে সবজি বাজারে গাদাগাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশা, ভ্যান আর নছিমনে বিভিন্ন জায়গা থেকে আসছে সবজি। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট চারপাশ। মানুষ জটলা বেঁধে দরাদরি করে কিনছেন সবজি। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি পালনের কোনো বালাই নেই এখানে। আজ সোমবার সকাল ১০টায় ঠাকুরগাঁও পৌর শহরের পাইকারি সবজি বাজারে দেখা মিলল এমন চিত্রের।

গত শনিবার নারায়ণগঞ্জ থেকে আসা তিন তরুণের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষের আসা–যাওয়া বন্ধ করতে রাতে ঠাকুরগাঁও জেলা লকডাউন করা হয়। গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্য জেলা থেকে ঠাকুরগাঁও জেলায় কেউ আসতে পারবেন না। ঠাকুরগাঁও থেকেও কেউ অন্য জেলায় যেতে পারবেন না। জেলার ভেতরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় আসা–যাওয়া বন্ধ করে দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু আজ সরেজমিনে পৌর শহরের পাইকারি বাজারে দেখা গেল, সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো বালাই এখানে নেই। বাজারে ক্রেতা-বিক্রেতার গাদাগাদি। শরীর ঘেঁষে দাঁড়িয়ে কেনাকাটা করছেন সবাই। লকডাউনের বিজ্ঞপ্তিতে অন্য জেলা থেকে ঠাকুরগাঁওয়ে কেউ আসতে পারবেন না বলা হলেও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে বেগুন নিয়ে বাজারে এসেছেন সহিদুল ইসলাম। তিনি বলেন, 'অনেক মানুষ কেনাকাটা করে বলে আমি সবসময় এখানে সবজি নিয়ে আসি। আজও এসেছি। অন্য জেলার মানুষ এই জেলায় আসতে পারবেন না, এটা আমি জানি না। তা ছাড়া আমাকে এখানে আসতে কেউ নিষেধও করেনি।'

বাজারে করলা বিক্রি করছিলেন সদর উপজেলার নারগুন এলাকার উপেন্দ্র নাথ রায়। তিনি বলেন, সকাল থেকে সবজি বাজার শুরু হয়। এখানে পাইকারি দরে সবজি বিক্রি হয় বলে সবসময় ভিড় লেগেই থাকে।

শহরের কালিবাড়ি এলাকার বাসিন্দা কওসার আলী বলেন, 'করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার মানুষজনকে বাইরে বের হতে নিষেধ করেছে। এটি মেনে আমি এত দিন বাসার বাইরে বের হইনি। আজ এখানে এসে দেখি শত শত লোক। একজন আরেকজনের গায়ে গা লাগিয়ে কেনাকাটা করছেন। কার শরীরের করোনাভাইরাস আমার শরীরে চলে আসে, সেই আতঙ্ক নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি।'

এদিকে এই পরিস্থিতিতে হাট–বাজার ও কাঁচাবাজার মাঠে বা খোলা জায়গায় স্থানান্তরের নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল রোববার দেশের সব জেলা প্রশাসক, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এতে বলা হয়, দেশের গ্রামাঞ্চলের অধিকাংশ হাট-বাজার ছোট জায়গায় অবস্থিত। ফলে হাট-বাজারে অবস্থানরত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে করোনাভাইরাসে সংক্রমণের ঝুঁকি থেকে যায়। এ অবস্থায় গ্রামের হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা নিশ্চিত করতে হবে।

আশ্রমপাড়ার বাসিন্দা বেলাল হোসেন বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে কালিবাড়ি বাজারের কাঁচা তরকারির দোকান তুলে বড়মাঠে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গোবিন্দনগরের সবজি বাজারে শত শত লোক জমায়াত হলেও সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এতে ওই পাইকারি সবজি বাজার থেকে মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন।

জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম বলেন, 'বিভিন্ন এলাকা থেকে করোনাভাইরাস নিয়ে মানুষ ঠাকুরগাঁওয়ে আসছেন। এ অবস্থায় আমরা জেলাকে লকডাউন করার সিদ্ধান্ত নিই। বাজারে লোকজনের সমাগম কমিয়ে এনে সামাজিক দূরত্ব বজায় রাখতে এরই মধ্যে শহরের কালিবাড়ি বাজারের কাঁচা বাজার বড়মাঠে সরিয়ে আনা হয়েছে। পাইকারি সবজি বাজারটিও সরিয়ে আনা হবে।'