ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ শনাক্ত, করণীয় নির্ধারণে সভা করবে করোনা কমিটি
ঠাকুরগাঁওয়ে এক দিনে করোনাভাইরাস শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। ১২১টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৫০ দশমিক ৪১ শতাংশ। এটি সংক্রমণ শুরু থেকে এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত। সব মিলিয়ে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ২ হাজার ১১০।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আজ ঠাকুরগাঁওয়ের করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য সভা ডেকেছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। সেখানে জেলার যেসব এলাকায় করোনা সংক্রমণ বেশি, সেসব এলাকায় কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত আসতে পারে।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার বলেন, দুই সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। বিশেষ করে সদর ও বালিয়াডাঙ্গী উপজেলায় করোনার সংক্রমণ ও মৃত্যু অস্বাভাবিক হারে বেড়েছে। আজ জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠক রয়েছে। বৈঠকে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন ব্যাহত না হয়, বিষয়টি বিবেচনায় এনে যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে কঠোর বিধিনিষেধ জারি করা হতে পারে। এমনকি এলাকাভিত্তিক লকডাউনও দেওয়া হতে পারে। তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা সভার সিদ্ধান্তের পরই নিশ্চিত করে বলা যাবে।