ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রানীশংকৈল উপজেলার বলঞ্চা গ্রামের নজরুল ইসলাম (৬২) ও তাঁর ছেলে ইউনুছ আলী (৩৭), একই গ্রামের সেকেন্দার আলী (৪২), চন্দনচহট গ্রামের আবুল জলিল (৩৯), বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর বাঙ্গাটলি গ্রামের কফিল উদ্দিন (৫২)। তবে নজরুল ইসলাম ও সেকেন্দার আলী পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৪ মার্চ বালিয়াডাঙ্গী উপজেলার হারামডাঙ্গীর ভুট্টাখেত থেকে মস্তকবিহীন অজ্ঞাত (২৮) ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই ব্যক্তির স্বজনেরা লাশটি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গোকরাপাড়া গ্রামের মোজাম্মেল হকের বলে শনাক্ত করেন।
বালিয়াডাঙ্গী থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় আরেক এসআই আতিকুল ইসলামকে।

ঘটনার সূত্র ধরে ওই বছরের ১৬ মার্চ ইউনুস আলী, আবদুল জলিল ও কফিল উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁরা ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বালিয়াডাঙ্গীর নেংটিহারা গ্রামের একটি ইটভাটার চুল্লি থেকে মোজাম্মেল হকের মস্তকের জ্বলে যাওয়া অংশ উদ্ধার করা হয়।

পরবর্তী সময় মামলার তদন্তভার পুলিশের এসআই মো. ফরহাদ আলীকে দেওয়া হয়। একপর্যায়ে জেলা সিআইডির পরিদর্শক মোজাম্মেল হক মামলাটি তদন্ত করে আটজনকে আসামি করে ২০১৩ সালের ১৮ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। এই মামলায় মোট ১৮ জন সাক্ষী সাক্ষ্য দেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল হামিদ বলেন, প্রত্যেক আসামিকে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাভোগের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক। আর সম্পৃক্ততা না পাওয়ায় মামলার অন্য তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।