ঠাকুরগাঁওয়ে হোটেল-রেস্তোরাঁ-বেকারিতে ধর্মঘট
ঠাকুরগাঁওয়ে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে ক্ষুব্ধ হয়ে হোটেল, রেস্তোরাঁসহ খাবারের দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার রাত থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ছোট-বড় সব খাবারের দোকান বন্ধ থাকায় শহরের বাইরে থেকে আসা শতাধিক মানুষ সাহ্রি খেতে গিয়ে দুর্ভোগে পড়েন।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বিকেলে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর আওতায় শহরের গোওসিয়া ও রোজ নামের দুটি খাবারের হোটেলে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুই হোটেল থেকে নিম্নমানের পণ্য, মাছ-মাংসসহ খাবার উদ্ধার করেন আদালত। পরে দুই হোটেলের ব্যবস্থাপকদেরকে তিন লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। জরিমানার টাকা আদায় না হওয়ায় দুই ব্যবস্থাপক পলাশ চন্দ্র রায় ও রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এতে দুই হোটেলের শ্রমিকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা শহরের চৌরাস্তা অবরোধ করেন। একপর্যায়ে তাঁরা প্রশাসনের হেনস্থার প্রতিবাদ জানিয়ে আটক শ্রমিকের মুক্তির দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন।
গতকাল রাতে দুই হোটেল শ্রমিকের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঠাকুরগাঁও জেলা হোটেল ও বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদিন। পরে বাংলাদেশ রেস্তোরাঁ ও বেকারি মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখাও আজ সকাল থেকে জেলার সব রেস্তোরাঁ, বেকারি, চায়নিজ রেস্তোরাঁ, ফাস্টফুড ও মিষ্টির দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়। এ ঘোষণার পরপরই জেলা শহরের রেস্তোরাঁ ও বেকারিগুলো বন্ধ করে দেওয়া হয়। এতে অন্য এলাকা থেকে দাপ্তরিক ও ব্যবসার কাজে ঠাকুরগাঁওয়ে আসা লোকজন বিপাকে পড়েছেন।
ঢাকা থেকে ব্যবসার কাজে ঠাকুরগাঁও এসেছেন রশিদুল ইসলাম। আজ সকালে তিনি বলেন, ‘রাতে এখানে এসে দেখি সব খাবারের দোকান বন্ধ। শেষে একটি মুদিদোকান থেকে পাউরুটি কিনে রাতের খাবার খেয়েছি।’
বগুড়া থেকে আসা আতাউর রহমান বলেন, তিন দিন ধরে তিনি ব্যক্তিগত কাজে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন। পবিত্র রমজান মাস হওয়ায় সাহ্রি, ইফতার থেকে শুরু করে রাতের খাবার—সবই তিনি হোটেলে সারছেন। গতকাল রাতে হোটেল-খাবারের দোকান বন্ধ থাকায় বিস্কুট খেয়ে সাহ্রি করতে হয়েছে।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আলী বখতিয়ার বলেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এবং বাংলাদেশ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি মালিক সমিতি যৌথভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছে। করোনা পরিস্থিতিতে জেলার প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের মালিক মহাজনের দেনার দায়ে জর্জরিত। এর ওপর যদি এভাবে অমানবিক ও অস্বাভাবিক হারে জরিমানা করা হয়, তাহলে ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যাবেন।
আলী বখতিয়ার দাবি করেন, রেস্তোরাঁ ও বেকারিতে কাঁচামাল কিনে সরাসরি খাদ্য প্রস্তুত করে বিক্রি করা হয়। এখানে ভেজাল দেওয়ার মতো কিছু নেই। কিন্তু পবিত্র রমজান মাসে অনেক রেস্তোরাঁ ও বেকারিতে অস্বাভাবিক হারে জরিমানা করা হয়। এতে করে ছোট-বড় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালিত হয়। এ আদালতের অভিযান নিয়ে মন্তব্য করার সুযোগ নেই। তবে জেলার হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগের কথা ভেবে বিষয়টি নিয়ে রেস্তোরাঁ মালিক সমিতির সঙ্গে কথা বলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।