ঠিকাদারের বিরুদ্ধে খুঁটি ‘বিক্রি’র অভিযোগ

গ্রাহকদের কাছ থেকে একেকটি খুঁটি স্থাপনের জন্য পাঁচ থেকে ছয় হাজার টাকা নেওয়া হচ্ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলায় ঠিকাদারি প্রতিষ্ঠান জেএনজের বিরুদ্ধে পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুতের খুঁটি স্থাপন করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। গ্রাহকদের কাছ থেকে একেকটি খুঁটি স্থাপনের জন্য পাঁচ থেকে ছয় হাজার টাকা নেওয়া হচ্ছে। যাঁরা টাকা দিচ্ছেন না, তাঁদের খুঁটি দেওয়া হচ্ছে না। এ বিষয়ে ভুক্তভোগী লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছেন।

এ বিষয়ে ইউএনও শামীম মিঞা বলেন, খুঁটি স্থাপন করে টাকা নেওয়ার অভিযোগ তিনি পেয়েছেন। তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ওজোপাডিকো সূত্র জানায়, মনপুরায় প্রায় ২৫ হাজার পরিবারের মধ্যে বিদ্যুতের গ্রাহক রয়েছেন ৪ হাজার। এ উপজেলায় ডিজেলচালিত ইঞ্জিনে (এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র) ৬০০-৬৫০ কিলোওয়াট বিদ্যুতের উৎপাদন হয়। সেই বিদ্যুৎ উপজেলা শহরের হাজিরহাট বাজার ও আশপাশে ৮৫৪ জন গ্রাহক পাচ্ছেন। এ ছাড়া উপজেলার বাংলাবাজার, সিরাজগঞ্জ বাজার ও কাউয়ারটেক এলাকায় তিনটি সোলার মিনিগ্রিড প্ল্যান্ট রয়েছে। সব মিলিয়ে এখানে ৬৭৭ কিলোওয়াট বিদ্যুতের উৎপাদন হয়। ৩ হাজার ৩০০ গ্রাহক ৩০ টাকা ইউনিট দরে বিদ্যুৎ কিনে ব্যবহার করেন।

খুঁটি স্থাপনের জন্য কাউকে টাকা দিতে হবে না। ঠিকাদার নিজের গরজেই খুঁটি বসাবেন। কারণ, খুঁটি না পুঁতলে টাকা পাবেন না।
আবদুস সালাম, আবাসিক প্রকৌশলী (আরই), ওজোপাডিকো, মনপুরা

ওজোপাডিকো সূত্র আরও জানায়, মনপুরা উপজেলায় সব ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে ৬৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিন মেগাওয়াট সোলার মিনিগ্রিড প্ল্যান্ট স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এই সোলার প্ল্যান্ট স্থাপন করবে। ভবিষ্যতে মনপুরাকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে মনপুরার বিভিন্ন এলাকায় খুঁটি বসানো হচ্ছে। বরিশালের প্রতিষ্ঠান জেএনজে কোম্পানি খুঁটি বসানোর কাজ পেয়েছে। প্রথম পর্যায়ে উপজেলা সদর হাজীরহাট ইউনিয়নে এক হাজার খুঁটি বসানো হচ্ছে।

হাজিরহাটের বাসিন্দা মো. সুমন ও কামরুল ইসলাম বলেন, লোকজন আগে খুঁটি স্থাপনের প্রতিযোগিতায় নেমেছেন। আর ঠিকাদারেরা সেই সুযোগ কাজে লাগাচ্ছেন। যাঁরা টাকা দিচ্ছেন, তাঁদের বাড়ির উঠান পর্যন্ত খুঁটি স্থাপন করা হচ্ছে। একটি খুঁটি বসাতে পাঁচ থেকে ছয় হাজার টাকা নেওয়া হচ্ছে।

ইউনিয়নের চর ফকিরার মো. শামিম বলেন, তিনি তাঁর বাড়ির সামনে খুঁটি স্থাপনের চেষ্টা করেছিলেন। তখন ঠিকাদার মো. শাহীনের ছেলে সোহান খুঁটিপ্রতি পাঁচ হাজার টাকা দাবি করেন।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জেএনজের মালিক মো. শাহীন বলেন, টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়। তাঁরা পুরোনো সংযোগসহ মূল সড়ক ও সংযোগ সড়কের পাশে খুঁটি বসাচ্ছেন। তাঁর ছেলে কারও কাছ থেকে টাকা নিয়েছে কি না, সে ব্যাপারে তিনি কিছুই জানেন না।

বিদ্যুতের খুঁটি স্থাপনের জন্য কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দেন ওজোপাডিকোর মনপুরা কার্যালয়ের আবাসিক প্রকৌশলী (আরই) আবদুস সালাম। তিনি বলেন, ‘ঠিকাদার নিজের গরজেই খুঁটি বসাবেন। কারণ, ঠিকাদার খুঁটি না পুঁতলে টাকা পাবেন না।’

ওজোপাডিকোর ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান জেএনজে কোম্পানির বিরুদ্ধে খুঁটি বসানোর নাম করে টাকা নেওয়ার মৌখিক অভিযোগ পেয়েছি।’