ডাকসুর ভিপির গায়ে হাত তোলা ছাত্র সমাজের কলঙ্ক: তোফায়েল

ডাকসুর ভিপির গায়ে হাত তোলা, সমস্ত ছাত্র সমাজের জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ (সদর) আসনের সাংসদ তোফায়েল আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ভোলার বাংলাবাজার উপশহরে এনআরবিসি ব্যাংকের ৭৪তম শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে সহসভাপতি (ভিপি) নুরুল হকের কক্ষে হামলা ও ভাঙচুর চালান ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা৷ এতে নুরুলসহ অন্তত ২৪ জন আহত হন৷
ডাকসুর ভিপি নুরুল হকের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে এই সাংসদ বলেন, 'এটা অন্যায় ও গ্রহণযোগ্য নয়। যারা এই ঘটনার সাথে জড়িত প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে। একজন ডাকসুর ভিপির গায়ে হাত তোলা, সমস্ত ছাত্র সমাজের জন্য কলঙ্ক।'
ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ স্মৃতিচারণ করে বলেন, ‘আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, তখন আমাদেরও মত-পথের ভিন্নতা ছিল। তারপরও আমরা এক টেবিলে বসে ’৬৯ সালে ৪ জানুয়ারি ১১ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলাম। ডাকসুর ভিপি যখন কেউ হয়, সে তখন সকলের নির্বাচিত নেতা। সেই ডাকসু অফিসে ঢুকে নুরুর ওপর যেভাবে নির্যাতন করা হয়েছে, এটা অমানবিক!'
সাবেক বাণিজ্যমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, 'বিজয়ের মাসে গণতন্ত্র হত্যাকারীরাই গণতন্ত্র হত্যা দিবস পালন করে থাকে। তাদের ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু করার নেই। যেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হিসেবে রাষ্ট্রপতি হয়েছে তাঁরা করছে গণতন্ত্র হত্যা দিবস। অথচ তারা (বিএনপি) গত বছরের ৩০ ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৬টি আসন পেয়েছে।'