ডাকাত ঢুকেছে শুনে রাতভর আতঙ্কে তিন ইউনিয়নের মানুষ
ঢাকার ধামরাই উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দারা গতকাল সোমবার রাত পার করেছেন ডাকাত আতঙ্কে। রাতে মসজিদের মাইকে গ্রামে যেকোনো সময় ডাকাত ঢুকতে পারে—এমন ঘোষণা দিয়ে সবাইকে সাবধান থাকতে বলা হয়।
তবে আজ মঙ্গলবার সকালে তিন ইউনিয়নের কোনো গ্রামে ডাকাতির খবর পাওয়া যায়নি। ধামরাই থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে উপজেলার সূয়াপুর, রোয়াইল ও সূতিপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মসজিদের মাইক দিয়ে গ্রামে ডাকাত আসার শঙ্কার কথা জানানো হয়।
কিছুক্ষণ পরপরই মাইক দিয়ে গ্রামের বাসিন্দাদের নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে বলা হয়। এমন ঘোষণার পর ঘর থেকে বেরিয়ে লাঠিসোঁটা নিয়ে বাড়ির উঠানে ও রাস্তায় অবস্থান নেন এলাকাবাসী। অনেকেই একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে স্থানীয় বাজার ও এলাকার বিভিন্ন সড়কে টহল দেন। খবর পেয়ে ধামরাই থানা-পুলিশও বিভিন্ন গ্রামে টহল জোরদার করে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটা পর্যন্ত পুলিশ ও স্থানীয় লোকজন সতর্ক অবস্থান নেন। শেষ পর্যন্ত তিন ইউনিয়নের কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি।
রোয়াইল ইউনিয়নের আটিমাইঠাইল গ্রামের বাসিন্দা জয়নাল মণ্ডল বলেন, মাইকে সবাইকে সাবধান হতে বললে তাঁর পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে অবস্থান নেন। কোনো ডাকাতির ঘটনা না ঘটায় দিবাগত রাত তিনটার দিকে সবাই ঘরে চলে যান। এরপরও একধরনের আতঙ্ক কাজ করছিল।
তিন ইউনিয়নে ডাকাতের আক্রমণের আতঙ্ক ছড়িয়ে পড়ে মূলত পাশের সিংগাইর থানার বাসিন্দারা হঠাৎ ডাকাত...ডাকাত... বলে চিৎকার দিলে।
সূয়াপুর ইউনিয়নের আনন্দনগর গ্রামের বাসিন্দা আমির হোসেন বলেন, ডাকাত দলকে প্রতিহত করতে তিনিসহ গ্রামের অনেকে প্রস্তুতি নিয়েছিলেন। তবে পরে আর কিছু হয়নি।
এই তিন ইউনিয়নে ডাকাতের আক্রমণের আতঙ্ক ছড়িয়ে পড়ে মূলত পাশের সিংগাইর থানার বাসিন্দারা হঠাৎ ডাকাত...ডাকাত... বলে চিৎকার দিলে। এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ বিশ্বাস বলেন, বংশী নদীর ধামরাই অংশের অপর প্রান্তে পাশের মানিকগঞ্জের সিংগাইর থানা। সেখানকার বাসিন্দাদের চিৎকার শুনে নদীর এপারের রোয়াইলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে মসজিদের মাইক দিয়ে ডাকাত আসতে পারে বলে সবাইকে সাবধান করেন।
প্রদীপ বিশ্বাস আরও বলেন, সিংগাইর থেকে ধাওয়া খেয়ে একটি ডাকাত দল রোয়াইলের দিকে এসেছে—এমন তথ্য জানার পরপরই পুলিশের দুটি দল রোয়াইল ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নে টহল জোরদার করে।
কিছুদিন আগে মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির ঘটনা ঘটেছিল। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ওই ঘটনার পর সেখানকার স্থানীয় লোকজন রাতে পাহারা দিতে শুরু করেন। গতকাল রাতে একটি পিকআপে সাত-আটজনের সন্দেহভাজন একটি দল এলাকায় ঢুকলে তাঁরা ধাওয়া দেন। ওই দলটি ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের দিকে চলে আসে বলে স্থানীয় লোকজনের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। শেষ পর্যন্ত কোথাও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।