আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে স্ত্রীদের দিয়ে অস্ত্র বহন করাচ্ছে ডাকাতেরা। ভিক্ষুক ও গৃহকর্মী সেজে তাঁরা তথ্য সংগ্রহেরও কাজ করছেন। এমনকি ডাকাতির আগে ঘটনাস্থলের আশপাশে অস্ত্র নিয়ে আগেই অবস্থান করেন তাঁরা। চট্টগ্রামে সম্প্রতি পাঁচ ডাকাতের স্ত্রীকে গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে তাঁরা এসব তথ্য দিয়েছেন।
পুলিশ কর্মকর্তারা জানান, নগর ও জেলার সব তল্লাশি চৌকিতে নারী পুলিশ রাখা সম্ভব হয় না। এই সুযোগে নারীদের দিয়ে অস্ত্র বহন করাচ্ছে ডাকাতেরা। তবে এখন থেকে গুরুত্বপূর্ণ তল্লাশি চৌকিতে নারী পুলিশ রাখা হচ্ছে, যাতে কাউকে সন্দেহ হলে তল্লাশি চালানো যায়।
গত দুই মাসে চট্টগ্রাম নগর ও জেলায় অন্তত ৪০টি ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় চারজন নিহত ও শতাধিক আহত হয়েছে। তবে এসব ঘটনায় পুলিশি হয়রানির ভয়ে মামলা হয়েছে আট থেকে নয়টি।
১১ ডিসেম্বর রাতে চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে অস্ত্র, গুলিসহ ডাকাত সরদার নামে পরিচিত জাকিরের স্ত্রী ছলিমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি বাঁশখালী উপজেলায়।
গ্রেপ্তারের পর ছলিমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘পুলিশ মেয়েদের সন্দেহ করে না। তাই সরদারের কথামতো অস্ত্র নিয়ে যাইতাম বিভিন্ন জায়গায়।’
পুলিশ জানিয়েছে, ছলিমার স্বামী পলাতক জাকিরের বিরুদ্ধে বোয়ালখালী, হাটহাজারী ও বাঁশখালী থানায় ১১টি মামলা রয়েছে। এর মধ্যে বোয়ালখালী থানার একটি ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে তাঁর।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রউফ জানান, ছলিমা আক্তার স্বীকার করেছেন ডাকাতদের অস্ত্র বহন করতেন তিনি। ১৫ থেকে ২০টি ডাকাতির ঘটনায় অস্ত্র বহন করেন তিনি। ছলিমা অস্ত্র মামলায় এখন কারাগারে রয়েছেন।
জেলার বোয়ালখালী থানার পুলিশ গত ১৪ অক্টোবর অস্ত্র, গুলিসহ ফেরদৌস বেগমকে গ্রেপ্তার করে। তাঁর স্বামী বিভিন্ন ডাকাতি মামলার পলাতক আসামি মো. হানিফ। ফেরদৌস বেগমের বিরুদ্ধেও অস্ত্র ও ডাকাতির তিনটি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, ১৫ অক্টোবর অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফেরদৌস বেগম। এতে তিনি উল্লেখ করেছেন, নিজেকে অসহায় পরিচয় দিয়ে তিনি বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। যে বাড়িতে ডাকাতি হবে, ওই বাড়ির তথ্য সংগ্রহ করেন। কীভাবে ঘরে ঢোকা যাবে, সেই তথ্যও দিতেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালখালীর চরণদ্বীপ এলাকার এক বাড়িতে গত ২১ সেপ্টেম্বর ডাকাতি হয়। ওই দিন সন্ধ্যায় সিএনজি অটোরিকশায় করে তিনি বাড়ির পাশে অস্ত্র রেখে আসেন।
ফেরদৌস বেগমের স্বামী হানিফের বিরুদ্ধে দুটি ও তাঁর ভাশুর জাফরের বিরুদ্ধে ১৪টি ডাকাতির মামলা রয়েছে। স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর থেকে হানিফ পলাতক রয়েছেন। তাঁর ভাশুর জাফর কারাগারে রয়েছেন।
১৩ ডিসেম্বর রাতে নগরের কোতোয়ালি থানার পাশে জিপিওর বিপরীতে দুটি সোনার দোকানে ডাকাতি হয়। এ ঘটনায় ১৮ ডিসেম্বর নগরের রেলস্টেশন এলাকা থেকে জুলেখা বেগম, খোরশেদা আক্তার ও হাসিনা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে পুলিশ দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি এলজি ও কয়েকটি গুলি উদ্ধার করে। তাঁরা এখন কারাগারে রয়েছেন। প্রথম দুজনের স্বামী ডাকাত সরদার মানিক ওরফে কানা। তাঁকে ১৫ ডিসেম্বর ঢাকার খিলগাঁও থেকে পাঁচ ভরি সোনাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বরগুনা, বেতাগী, বরিশাল সদর ও ঢাকার রমনা থানায় ডাকাতির মামলা রয়েছে।
হাসিনা বেগমের স্বামী কালাম ওরফে কালুও পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তাঁর বিরুদ্ধে ২০০৬ সালে চট্টগ্রামের পাহাড়তলীতে অগ্রণী ব্যাংকে ডাকাতি, বরগুনা ও মানিকগঞ্জে ডাকাতির মামলা রয়েছে। কালাম জিপিওর বিপরীতে সোনার দোকানে ডাকাতি করতে গিয়ে নিজেদের ছোড়া বোমার বিস্ফোরণে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, জিজ্ঞাসাবাদে ওই তিন নারী স্বীকার করেছেন, বিভিন্ন সময় ডাকাতির আগে ও পরে তাঁরা অস্ত্র বহন করেন। জিপিওর বিপরীতে সোনার দোকানে ডাকাতির আগে সেখানেও অস্ত্র নিয়ে যান তাঁরা।
তবে গ্রেপ্তারের পর জুলেখা, খোরশেদা ও হাসিনা সাংবাদিকদের বলেছেন, এসব যে অস্ত্র ছিল, তা বহনের আগে জানতেন না তাঁরা।
সর্বশেষ গত বৃহস্পতিবার শাহ আমানত সেতু এলাকায় পুলিশের তল্লাশিতে দুটি এলজিসহ ধরা পড়েন সুমি আক্তার। তাঁর স্বামী আজিজুল হক ডাকাতদের অস্ত্র সরবরাহ করেন। তল্লাশির সময় তাঁকেও গ্রেপ্তার করে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে সুমিকে দিয়ে অস্ত্র বহনের কাজ করাতেন আজিজ। এর আগেও তিনবার এভাবে ডাকাতদের কাছে অস্ত্র পৌঁছে দিয়েছেন সুমি। স্বামী-স্ত্রী দুজনই অস্ত্র মামলায় কারাগারে রয়েছেন।
এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, নগরের সব চৌকি তল্লাশিতে সব সময় নারী পুলিশকে দায়িত্ব দেওয়া সম্ভব হয় না। তবে গুরুত্বপূর্ণ চৌকি তল্লাশিতে এখন নারী পুলিশ দেওয়া হয়েছে। তল্লাশিতে সন্দেহজনক কাউকে আটক করা হলে সঙ্গে সঙ্গে কাছের ফাঁড়ি কিংবা থানার নারী পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে।