বরিশাল অঞ্চল
ডাকাতের ভয়ে তরমুজের ‘হাসি’ ম্লান
ধুলিয়ার চর, টেংরার চর, মুন্সির চর ও ডাকাতিয়ার চরের মধ্য দিয়ে বয়ে গেছে তেঁতুলিয়া নদী। এসব চরে গড়ে উঠেছে সশস্ত্র ডাকাত দল।
আবহাওয়া অনুকূলে থাকায় এবার বরিশাল বিভাগে তরমুজ উৎপাদনে বিগত দিনের রেকর্ড ভেঙেছে। কিন্তু তরমুজ বিপণন ও পরিবহন নিয়ে কৃষক-ব্যবসায়ীদের দুশ্চিন্তা বাড়াচ্ছে ডাকাত–আতঙ্ক।
বিভাগের সবচেয়ে বেশি তরমুজ উৎপাদিত হয় ভোলা, পটুয়াখালী ও বরগুনার চরাঞ্চলে। ভোলা, পটুয়াখালীর এই তরমুজ পরিবহন হয় নৌপথে। কিন্তু এই নৌপথে সংঘবদ্ধ ডাকাতদের কাছে অসহায় হয়ে পড়েছেন কৃষক-ব্যবসায়ীরা।
সম্প্রতি সরেজমিনে বরিশালের লাহারহাটে ইজারাদার, তরমুজ ব্যবসায়ী, চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, পটুয়াখালীর বাউফলের ধুলিয়ার চর থেকে ভোলার টেংরার চর, মুন্সির চর আর ডাকাতিয়ার চর নামে এই চারটি চরের মধ্য দিয়ে বয়ে গেছে তেঁতুলিয়া নদী। আর এসব চরে কয়েক বছর ধরে গড়ে উঠেছে একাধিক সশস্ত্র ডাকাত দল। তারা চরে বিচরণ করা গরু ও তরমুজবাহী ট্রলারে ডাকাতি করে।
গত মার্চের দ্বিতীয় সপ্তাহে ভোলার একটি ট্রলারে ডাকাতি করে একটি চক্র। ডাকাতেরা ট্রলারটির ১০০ লিটার জ্বালানি, কয়েক শ তরমুজ এবং অন্যান্য মাল লুট করে নিয়ে যায়। একই সঙ্গে ট্রলারের মাঝিকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। গত ১৯ মার্চ আরও একটি ট্রলারে হামলা চালিয়ে অন্তত দুই লাখ টাকার তরমুজ লুট করে ডাকাতেরা।
■ চারটি চরে কয়েক বছর ধরে গড়ে উঠেছে একাধিক সশস্ত্র ডাকাত দল। ■ ভোলা ও পটুয়াখালীর একটি অংশের তরমুজ ঢাকা ও বরিশালে নৌপথে নিয়ে যাওয়ার পথ একটাই। ■ মূলত সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত ডাকাতির ঘটনাগুলো ঘটে।
লাহারটা ঘাটের ইজারাদার ইলিয়াস আহমেদ বলেন, ভোলা ও পটুয়াখালীর একটি অংশের তরমুজ ঢাকা, বরিশালসহ অন্যান্য স্থানে নৌপথে নিয়ে যাওয়ার পথ একটাই। বিকল্প কোনো পথ না থাকায় চরকেন্দ্রিক সংঘবদ্ধ ডাকাত দল তরমুজ মৌসুম লক্ষ্য করে প্রতিবছর গণহারে লুটপাট করে, ব্যবসায়ী ও চাষিদের মারধর করে। ফলে পুরো নৌপথটি এখন অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চাষি, পাইকার ও ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে আছে। মূলত সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত ডাকাতির ঘটনাগুলো ঘটে।
পরিচয় প্রকাশ না করে ভুক্তভোগী একজন তরমুজ ব্যবসায়ী বললেন, গত বছর তরমুজবোঝাই ট্রলার নিয়ে লালমোহন থেকে চাঁদপুরের ভৈরব যাচ্ছিলেন তাঁরা। জোয়ারের সময় ট্রলারে জ্বালানি ব্যয় কম হওয়ায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রলার ছাড়ে। রাত সাড়ে তিনটার দিকে স্থানীয় বাঘমারা খালে পৌঁছালে তাঁরা ডাকাতের কবলে পড়েন। ডাকাতেরা প্রথমে তাঁদের ট্রলারে উঠে ট্রলারটির মাঝিকে কুপিয়ে জখম করে এবং ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে। পরে তাঁদের ট্রলারে থাকা টাকা, মুঠোফোনসহ অন্য মালামাল লুট করে নিয়ে যায়।
বরিশাল ফল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি গণেশ দত্ত জানান, এ অঞ্চলে তরমুজ চাষ, শ্রম ও বিপণনে ছয় লাখ মানুষ জড়িত। এ বছর প্রকৃতি অনুকূলে থাকায় তরমুজের ফলন ভালো হয়েছে। যাঁরা আগাম চাষ করেছিলেন, তাঁদের তরমুজ আরও মাসখানেক আগে থেকেই ভালো দামে বিক্রি করতে পেরেছেন। দুই সপ্তাহ ধরে তরমুজের মূল মৌসুম শুরু হয়েছে, যা আরও দেড় মাস চলবে। কিন্তু এই সময়ে ভোলা সদর এবং বাউফল উপজেলার ধূলিয়ার মধ্য দিয়ে তেঁতুলিয়া নদী পথে সন্ধ্যার পর তরমুজ নিয়ে বরিশালে আসতে গিয়ে নদীপথে ডাকাতের কবলে পড়তে হয়। এসব রোধে কেবল থানা–পুলিশ নয়, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের টহল জোরদার করতে হবে। নয়তো এ অঞ্চলে কয়েক শ কোটি টাকার বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বিভাগের ছয় জেলায় ৪৬ হাজার ৪৫১ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। গত মৌসুমে ছয় জেলায় আবাদ হয়েছিল ২৪ হাজার ৪৮১ হেক্টর জমিতে। এ বছর এই বিভাগে গত মৌসুমের চেয়ে ২১ হাজার ৯৭০ হেক্টর বেশি জমিতে তরমুজ চাষ হয়েছে। চলতি বছর হেক্টরপ্রতি গড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৮ দশমিক ৭৪ মেট্রিক টন ধরা হয়েছে। সেই হিসাবে এ বছর বিভাগে প্রায় ২২ লাখ ৬৪ হাজার মেট্রিক টন তরমুজ উৎপাদিত হবে বলে আশা করছেন তাঁরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের অতিরিক্ত পরিচালক তাওফিকুল আলম প্রথম আলোকে বলেন, কৃষকেরা ঝুঁকি জেনেও প্রতিবছর তরমুজ চাষ করছেন। তরমুজ বিপণনে কৃষকদের সহযোগিতা ও নিরাপত্তা প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা।
এ প্রসঙ্গে পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক এ কে এম এহ্সান উল্লাহ বলেন, নিরাপত্তার স্বার্থে তরমুজ ব্যবসায়ীদের একসঙ্গে পাঁচ-ছয়টি ট্রলার ওই সব এলাকা দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। ওই সব এলাকায় টহল পুলিশ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।