ডালিম আহমদ ভেবে দাফন করা হয়েছিল শম্ভু দেবনাথের লাশ
সিলেটের জৈন্তাপুরে এক দিনের ব্যবধানে শম্ভু দেবনাথ ও ডালিম আহমদ নামের দুই যুবক নিখোঁজ হন। এ ঘটনার পর ৭ মার্চ ঘাটেরচটি এলাকার একটি পুকুর থেকে মুখমণ্ডল বিকৃত একটি লাশ উদ্ধার করা হয়। লাশটি ডালিম আহমদের ভেবে ৮ মার্চ দাফন করা হয়েছিল। ওই দিন রাতেই একই এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় আরও একটি লাশ উদ্ধার হলে প্রথম লাশের পরিচয় নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।
পরে দুই লাশের আঙুলের ছাপ সংগ্রহ করে দেখা যায়, ডালিম আহমদ ভেবে মূলত শম্ভু দেবনাথের লাশ দাফন করা হয়েছিল। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার লামা ঝিঙ্গাবাড়ির শৈলেশ চন্দ্র নাথের ছেলে শম্ভু দেবনাথ ৪ মার্চ নিখোঁজ হন। এক দিন পর, অর্থাৎ ৫ মার্চ উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের ডালিম আহমদও নিখোঁজ হন।
পুলিশ জানায়, ৭ মার্চ বিকেলে ঘাটেরচটি এলাকার একটি পুকুর থেকে মুখমণ্ডল বিকৃত ও শরীরে রশি প্যাঁচানো একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের পরনের পোশাক দেখে ডালিমের পরিবার লাশের পরিচয় শনাক্ত করে। ময়নাতদন্ত শেষে ৮ মার্চ ডালিমের লাশ দাফন করা হয়।
এদিকে ৮ মার্চ দিবাগত রাতে ঘাটেরচটি এলাকার মসজিদসংলগ্ন এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় আরেকটি লাশ উদ্ধার করে জৈন্তাপুর থানা–পুলিশ। পরে ওই লাশের আঙুলের ছাপ সংগ্রহ করে দেখা যায়, মাটি চাপা দেওয়া লাশটি ডালিম আহমদের। পরে ফের ডালিমের পরিবারকে খবর দিয়ে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়। পরে ওই দিনই ডালিমের লাশ দাফন করা হয়।
ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, ডালিমের লাশ দাফনের পর প্রথমে দাফন করা লাশের পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে। পরে গতকাল দুপুর ১২টার দিকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের উপস্থিতিতে কবর থেকে প্রথমের দাফন করা লাশটি উত্তোলন করা হয়। এরপর আঙুলের ছাপ সংগ্রহের লাশটি শম্ভু দেবনাথের বলে শনাক্ত করা হয়।
গতকাল দুপুরে শম্ভুর পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। সন্ধ্যায় কানাইঘাট উপজেলার লামা ঝিঙ্গাবাড়ির এলাকায় শম্ভুর সৎকার সম্পন্ন হয়।
গোলাম দস্তগীর আহমদ বলেন, ৪ মার্চ গরু চরাতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন শম্ভু দেবনাথ। পরের দিন ৫ মার্চ তাঁর মামা পরিমল দেবনাথ সিলেটের শাহপরাণ (র.) থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।