ডাসার উপজেলার প্রশাসনিক দপ্তরের স্থান নির্ধারণ নিয়ে দ্বন্দ্বে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাসার উপজেলার প্রশাসনিক দপ্তর স্থাপনের স্থান নিয়ে ডাসার উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। আজ সোমবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলার প্রশাসনিক দপ্তর নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে আওয়ামী লীগ। এর এক পক্ষে আছেন ডাসার উপজেলা আওয়ামী লীগের নেতারা, আরেক পক্ষে আছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের নেতারা। দুটি পক্ষই নিজেদের দাবি বাস্তবায়নে নানা রকম তৎপরতা চালাচ্ছে।

ডাসার আওয়ামী লীগের পক্ষ বলছে, ডাসার থানা সদরই উপজেলা সদর দপ্তর হিসেবে নিকারে অনুমোদিত হয়েছে। এর ফলে গেজেট অনুযায়ী ২৯ নং পূর্ব নবগ্রাম ও ৩০ নং বাকাই মৌজায় ডাসার উপজেলার প্রশাসনিক সব অবকাঠামো নির্মিত হবে।

তবে কালকিনি উপজেলা আওয়ামী লীগ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, গেজেটে অবকাঠামো যেখানে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই স্থান উপজেলার এক প্রান্তে ও বরিশালের গৌরনদী উপজেলার নিকটে অবস্থিত। ফলে পুরো পাঁচটি ইউনিয়নের জনসাধারণের সরকারি সেবা নিতে ভোগান্তির মধ্যে পড়তে হবে। তাই নবগঠিত উপজেলা পরিষদের সদর দপ্তর ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ভুরঘাটা-শশিকর অথবা পাথুরিয়ারপাড়-শশিকর আঞ্চলিক সড়কের পাশে নির্মাণ করা হোক।

এদিকে স্থানীয় সাংসদ আবদুস সোবাহান গোলাপ কালকিনি উপজেলা আওয়ামী লীগের পক্ষে সায় দিয়েছেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বরাবর একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি ডাসার উপজেলার সদর দপ্তর পূর্ব নবগ্রাম ও বাকাই মৌজায় না করে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ভুরঘাটা-শশিকর অথবা পাথুরিয়ারপাড়-শশিকর আঞ্চলিক সড়কের পাশে নাল জমি অধিগ্রহণ করে সদর দপ্তর নির্মাণের জন্য বিশেষ অনুরোধ জানান।

সাংসদ ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের এই কর্মকাণ্ডের ‘প্রতিবাদ ও নিন্দা’ জানিয়ে আজ সোমবার সকালে সংবাদ সম্মেলন করেছেন ডাসার উপজেলা আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ কান্তি বাড়ৈ। তিনি বলেন, ডাসার সদর দপ্তর করার জন্য ২৯ নং পূর্ব নবগ্রাম ও ৩০ নং বাকাই মৌজায় ৬ একর জমি নির্দিষ্ট করা হয়েছে;যা ইতিমধ্যে নিকারে অনুমোদিত হয়েছে। সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। অতএব ডাসার থানা সদরকে কেন্দ্র করে উপজেলা সদর দপ্তর হবে। এটাই নিয়ম। এই নিয়ম ভঙ্গ করে কালকিনি উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় একটি মহল পানি ঘোলা করার চেষ্টা করছে। তারা ডাসারবাসীর সুবিধার বিরোধিতার পাশাপাশি দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি নিকার সিদ্ধান্তের বিরোধিতা করছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনকে অস্বীকার করেছে। এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আইনসম্মতও নয় বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, কালকিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দোদুল কাজী, কাজীবাকাই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম হাওলাদার প্রমুখ।

এর আগে গতকাল রোববার কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুকের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একটি দল জেলা প্রশাসক রহিমা খাতুনের কাছে একটি স্মারকলিপি দেয়। এর আগে তারা গেজেট সংশোধনের দাবি তুলে সভা সেমিনার ও মানববন্ধন করে।

গত ২৬ জুলাই কালকিনি উপজেলার বালিগ্রাম, ডাসার কাজীবাকাই, নবগ্রাম, ডাসার ও গোপালপুর ইউনিয়ন ভেঙে ডাসার উপজেলা করার সিদ্ধান্ত নেয় নিকার।

কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, গেজেটে ডাসার উপজেলা সদর দপ্তর যেখানে নির্ধারণ করা হয়েছে, তা কোনোভাবেই করতে দেওয়া যাবে না। একটি গ্রামের ভেতরে এক কোনায় কীভাবে সদর দপ্তর হতে পারে। ওখানে সদর দপ্তর হলে প্রতিটি ইউনিয়নের মানুষ সারা জীবন দুর্ভোগে পড়বে।’
মীর গোলাম ফারুক আরও বলেন, জেলা আওয়ামী লীগ ডাসার থানা আওয়ামী লীগের কিছু নেতা–কর্মীকে নিয়ে প্রতিহিংসামূলক রাজনীতি করছে। তারা এত নিম্ন পর্যায়ে গেছে যে মানুষের ভাষা বোঝে না। তারা শুধু নিজেদেরটা বোঝে, বোঝে লুটপাট। তারা বোঝে, মানুষকে কীভাবে হয়রানি করা যায়।

মীর গোলাম ফারুকের অভিযোগ, ডাসার ও জেলা আওয়ামী লীগ সাবেক সাংসদ আবুল হোসেনকে সমর্থন করে। তাঁর থেকে সুবিধা নেওয়ার জন্যই এখন দলের মধ্যে প্রতিহিংসা রাজনীতি করছে। দলের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে।

দলীয় নেতা–কর্মীরা বলছেন, বর্তমান সংসদ আবদুস সোবাহান গোলাপ সঙ্গে সাবেক সাংসদ সৈয়দ আবুল হোসেনের বিরোধ রয়েছে। প্রকাশিত গেজেটে উপজেলা সদর দপ্তর সাবেক সংসদ সৈয়দ আবুল হোসেনের বাড়ি, কলেজসহ নানা স্থাপনা রয়েছে। এ কারণেই সদর দপ্তরের স্থান পরিবর্তন করতে বর্তমান সাংসদ ও তাঁর নেতা–কর্মীরা আন্দোলন করে যাচ্ছেন।

গত ২৬ জুলাই কালকিনি উপজেলার বালিগ্রাম, ডাসার কাজীবাকাই, নবগ্রাম, ডাসার ও গোপালপুর ইউনিয়ন ভেঙে ডাসার উপজেলা করার সিদ্ধান্ত নেয় নিকার। এরপর গত ২৯ জুলাই পূর্ব নবগ্রাম ও বাকাই মৌজায় প্রশাসনিক সব অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার। এর আগে ২০১২ সালের ২ ফেব্রুয়ারি ডাসারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপিত হয়। পরবর্তীকালে ডাসার থানাকে উপজেলায় রূপান্তরের পদক্ষেপ নেয় প্রশাসন।

আরও পড়ুন