ডায়রিয়ার প্রাদুর্ভাব, শয্যার তুলনায় সাড়ে ছয় গুণ রোগী

* ভর্তি হওয়া রোগীদের প্রায় ৬০ শতাংশের বয়স পাঁচ বছরের বেশি এবং ৭০ শতাংশই গরিব ও নিম্ন আয়ের।

* গত শুক্রবার ৯১ জন ও শনিবার সকাল পর্যন্ত ১৬৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

* গতকাল সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত আরও ৩১ জন ভর্তি হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। গতকাল দুপুরে তোলাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েই চলেছে। গতকাল শনিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত জেলার প্রধান সরকারি হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ৩১ জন রোগী ভর্তি হয়েছেন। প্রতি ঘণ্টায় প্রায় আটজন করে রোগী ভর্তি হন। খরচের চিন্তায় ডায়রিয়ায় আক্রান্ত নিম্ন ও মধ্যবত্তি পরিবারের রোগীরাই সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে বেশির ভাগই নারী ও পুরুষ।

জেলার সরকারি হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে সাড়ে ছয় গুণ রোগী ভর্তি আছেন। শয্যা খালি না থাকায় মেঝেতে রেখেই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হাসপাতাল স্যাঁতসেঁতে ও পরিবেশ অস্বাস্থ্যকর বলে রোগী ও স্বজনদের অভিযোগ।

চিকিৎসক ও নার্সরা বলছেন, গত বছরও ডায়রিয়ায় আক্রান্ত এত রোগী হাসপাতালে ভর্তি হননি। চলতি বছর ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের সংখ্যা অনেক বেড়েছে। মাত্রাতিরিক্ত গরমের জন্যই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। যাঁদের অবস্থা গুরুতর হচ্ছে, তাঁদের ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) পাঠানো হচ্ছে।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালটিতে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা আছে ৩০টি। গত জানুয়ারি মাসে ১ হাজার ৫১ জন, ফেব্রুয়ারি মাসে ১ হাজার ৯৯ জন ও মার্চ মাসে ১ হাজার ৮৫৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। গত শুক্রবার ৯১ জন ও শনিবার সকাল পর্যন্ত ১৬৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। তবে গতকাল সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত আরও ৩১ জন ডায়রিয়া আক্রান্ত রোগী নতুন করে ভর্তি হয়েছেন। বর্তমানে ১৯৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি রয়েছে, যা শয্যার তুলনায় সাড়ে ছয় গুণ। মার্চ মাসে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে। রোগীদের বেশির ভাগই নারী ও পুরুষ। তাঁদের অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্য। জেলা শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকার রোগীরাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স শিল্পী রানী চৌধুরী ও পূজা দেবনাথ প্রথম আলোকে বলেন, এই মৌসুমে ডায়রিয়ার প্রকোপ সাধারণত বেশি থাকে। তবে অন্যবারের তুলনায় এ বছর হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। অস্বাস্থ্যকর পানি পান করার কারণেই ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। ১৬৪ জন চিকিৎসাধীন। এর মধ্যেই নতুন করে আরও ৩১ জন ডায়রিয়ার রোগী এসেছে। রোগী সামলাতে অন্য ওয়ার্ড থেকে পাঁচজন সিনিয়র স্টাফ নার্সকে আনা হয়েছে। চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ওয়াহীদুজ্জামান বলেন, পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। গরম থেকেই ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।