ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ভুয়া চিকিৎসককে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইরা মেডিকেল সেন্টার নামের একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও চিকিৎসকের ভুয়া পরিচয় দেওয়া ইয়াছিন আলম সিদ্দিকীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকা এবং ওই চিকিৎসকের চিকিৎসা সনদ না থাকায় মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান। আগামী সাত দিনের মধ্যে চিকিৎসকসহ ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. সুমন মিয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিনা খান বলেন, ইরা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ভুয়া চিকিৎসক সেজে প্রতিষ্ঠানটি চালাচ্ছেন। তিনি কোনো চিকিৎসা সনদ দেখাতে পারেননি। প্রকৃতপক্ষে তিনি কোনো চিকিৎসক নন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে বৈধ কাগজপত্র তৈরি করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হবে।