ডিইপিজেডের এক কারখানায় আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় ‘পুরাতন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা’র (ডিইপিজেড) একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার পুরাতন ডিইপিজেডের (প্যাকজা) বাংলাদেশ লিমিটেড-৩ নামের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানাটিতে লেবেল, স্টিকার, হ্যাংট্যাগ–জাতীয় মালামাল তৈরি করা হতো। এ ছাড়া ওয়্যারহাউসে প্যাকেজিং মালামাল ছিল।

ডিইপিজেড ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্যাকজার বাংলাদেশ লিমিটেড-৩ কারখানায় অগ্নিকাণ্ডের খবর পায় ডিইপিজেড ফায়ার সার্ভিস। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের তীব্রতা বেড়ে গেলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও চারটি এবং সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করে। কারখানাটিতে লেবেল, স্টিকার, হ্যাংট্যাগ–জাতীয় মালামাল তৈরি করা হতো।

রাত সাড়ে নয়টার দিকে ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, শনিবার প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। রাত ১০টা থেকে উৎপাদন শুরু হওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানটিতে দুই শিফটে ৪০০ শ্রমিক কাজ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আগুন এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।