ডিজিটাল উপস্থিতি নিয়ে 'ক্ষুব্ধ' শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ অক্টোবর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ডিজিটাল অ্যাটেনডেন্স মনিটরিং সিস্টেম’ চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি পর্যবেক্ষণ করা হবে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, যা জমা হবে বিশ্ববিদ্যালয়ের সার্ভারে। এই প্রথম কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের পদ্ধতি চালু হতে যাচ্ছে।

তবে এই পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকেরা। তাঁরা বলছেন, এতে শিক্ষকদের নিয়ন্ত্রণ করা হবে, যা তাঁদের মর্যাদা ক্ষুণ্নœ করবে। বিষয়টি নিয়ে গতকাল রোববার বিকেলে জরুরি সভা করেছে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। সভায় এই পদ্ধতি চালুর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। এদিকে একই বিষয়ে আলোচনার জন্য আজ সোমবার সভা করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার সূত্রে জানা গেছে, এই পদ্ধতিতে প্রত্যেকের হাজিরার রেকর্ড সার্ভারে সংরক্ষণ করা হবে। প্রতিটি বিভাগের কার্যালয়ে একটি করে ডিভাইস বসানো হয়েছে। এই ডিভাইসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্মার্টকার্ড পাঞ্চ করতে হবে। প্রতিটি ডিভাইসের সঙ্গে একটি করে ক্যামেরা লাগানো আছে। কার্ড পাঞ্চ করার সময় এই ক্যামেরায় কার্ড বহনকারীর স্থিরচিত্র উঠবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু বলেন, ১৯৭৩ সালের অধ্যাদেশঅনুযায়ী শিক্ষকেরা বিবেকের কাছে দায়ী থাকবেন। কিন্তু এই পদ্ধতি সেই চর্চা, ধারণার ওপর একধরনের হস্তক্ষেপ বলে শিক্ষকেরা মনে করছেন। বিবেকের কাছে দায়বদ্ধতার বিষয়টি খর্ব হচ্ছে, সংকুচিত হচ্ছে। তাই শিক্ষকেরা এই সিদ্ধান্তের প্রত্যাহার চান। তিনি জানান, এ বিষয়ে আজ সোমবার সমিতির সভা আছে। সেখান থেকে এ বিষয়ে শিক্ষকেরা কী চাইছেন, কী করবেন তা নির্ধারণ করা হবে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘যেকোনো প্রযুক্তি প্রথম এলে সবাই এটা ব্যবহার করতে চায় না। শিক্ষকেরা হয়তো মনে করছেন এর মাধ্যমে তাঁদের নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ে সেবার মান বৃদ্ধি করা, দক্ষতা বৃদ্ধি করা এবং কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে আসা।’ উদ্যোগটি নিয়ে শিক্ষকদের মধ্যে কোনো শঙ্কা থাকলে তা দূর করা হবে বলে জানান উপাচার্য।