ডিজিটাল এক্স-রে যন্ত্র ব্যবহারের অনুপযোগী, ভোগান্তিতে রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ডিজিটাল এক্স-রে যন্ত্রের প্রিন্টের যন্ত্রাংশ দীর্ঘ ১১ মাস ধরে বিকল। এ কারণে এক্স–রে যন্ত্র অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সম্প্রতি তোলা
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডিজিটাল এক্স-রে যন্ত্রটি ১১ মাস ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। এতে রোগীদের তিন–চার গুণ বেশি টাকা খরচ করে হাসপাতালের বাইরে থেকে এক্স-রে করাতে হয়।

২৫০ শয্যার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার ৩৩ লাখ ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবার একমাত্র বড় জায়গা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। জেলার অধিকাংশ নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষই ডিজিটাল এক্স-রে করানোর জন্য সরকারি হাসপাতালে যান। কিন্তু ১১ মাস ধরে ডিজিটাল এক্স-রে যন্ত্রের সেবা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। বাইরে অতিরিক্ত টাকা খরচ করে এক্স–রে করাতে গিয়ে তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন।

হাসপাতালের সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ডিজিটাল এক্স-রে যন্ত্রটি বরাদ্দ দেয় স্বাস্থ্য বিভাগ। চালুর পর দু–তিনবার যন্ত্রটিতে সমস্যা দেখা দেয়, পরে তা মেরামতও করা হয়। গত বছরের ৩০ মার্চ যন্ত্রটির ফিল্ম প্রিন্ট করার অংশে সমস্যা দেখা দেয়। কিন্তু এই যন্ত্রাংশ বাংলাদেশে নেই বলে আর মেরামত করা সম্ভব হয়নি। আগে হাসপাতালে ৭০-৮০টি ডিজিটাল এক্স-রে পরীক্ষা করা হতো। ফিল্মের আকার অনুযায়ী ২০০–৪০০ টাকায় এক্স–রে করা হতো।

২০১৬ সালে ডিজিটাল এক্স-রে যন্ত্রটি বরাদ্দ দেয় স্বাস্থ্য বিভাগ। চালুর পর দু–তিনবার যন্ত্রটিতে সমস্যা দেখা দেয়, পরে তা মেরামতও করা হয়। গত বছরের ৩০ মার্চ যন্ত্রটির ফিল্ম প্রিন্ট করার অংশে সমস্যা দেখা দেয়।

হাসপাতালে কর্মরত অন্তত পাঁচজন জানান, হাসপাতালের ডিজিটাল এক্স-রে যন্ত্র ব্যবহারের অনুপযোগী থাকায় রোগীরা বাইরে থেকে তিন–চার গুণ টাকা বেশি দিয়ে এক্স-রে করছেন। এতে তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত বছরের ৩০ মার্চ যন্ত্রটির ফিল্ম প্রিন্ট করার অংশে সমস্যা দেখা দেয়।

জেলার পাইকপাড়ার বাসিন্দা উম্মে ফাতেমা বলেন, ‘সম্প্রতি ডিজিটাল এক্স-রে করাতে হাসপাতালে যাই। কিন্তু ডিজিটাল এক্স–রে যন্ত্র ভালো না থাকায় বাইরের ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে ২০০ টাকার এক্স–রে ৮০০ টাকায় করেছি।’

জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার বাসিন্দা ইসরাত জাহান বলেন, ‘সম্প্রতি ইজিবাইকের ধাক্কায় রিকশা থেকে পড়ে বাঁ পায়ে আঘাত পাই। স্বজনেরা উদ্ধার করে আমাকে সদর হাসপাতালে (ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল) নিয়ে যান। চিকিৎসক ডিজিটাল এক্স-রে করানোর পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে ডিজিটাল এক্স-রে যন্ত্র ঠিক না থাকায় বাইরের ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে ২০০ টাকার এক্স-রে ৮০০ টাকায় করিয়েছি।’

সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মনসুর আলী বলেন, ‘ডিজিটাল এক্স-রে যন্ত্র নষ্ট থাকায় বাইরে থেকে ২০০ টাকার পরিবর্তে ১ হাজার টাকায় পরীক্ষা করিয়েছি।’ মনসুরের মতো অন্য রোগীরা প্রতিদিন হাসপাতালের বাইরে থেকে ডিজিটাল এক্স-রে পরীক্ষা করান।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিজিটাল এক্স-রের সিআর যন্ত্র নষ্ট থাকায় ছয় হাজার ফিল্ম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। প্রতিদিন ২০-২৫ জন রোগী ডিজিটাল এক্স-রের জন্য হাসপাতালে আসেন। তাই রোগীদের কথা বিবেচনা করে এক্স-রে যন্ত্র মেরামতের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ-ছয়বার চিঠি দিয়েছে। এই হাসপাতালে রোগীদের অনেক চাপ। তাই এখানে দুটি ডিজিটাল এক্স–রে যন্ত্র দরকার।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ওয়াহীদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল এক্স-রে যন্ত্র মেরামতের জন্য ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ ও টিসি), স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির কার্যালয় ও কেন্দ্রীয় ঔষুধাগারে ২০–২৫ দিন আগেও চিঠি পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। শিগগিরই হাসপাতালে নতুন একটি ডিজিটাল এক্স-রে যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’