ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আইনজীবী কারাগারে
বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই আইনজীবীর নাম গোলাম কিবরিয়া তারিক (৪৫)। তাঁকে গতকাল মঙ্গলবার রাতে মোরেলগঞ্জ পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। কিবরিয়া মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল (এসএম) কলেজের প্রতিষ্ঠাতা খালেক তালুকদারের ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পরিদর্শক এসএম আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ১৫ মার্চ মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল (এসএম) কলেজের অধ্যক্ষ নীতিশ বিশ্বাসের ডিজিটাল নিরাপত্তা আইনে আইনজীবী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা করেন। রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরে গ্রেপ্তার গোলাম কিবরিয়াকে বাগেরহাট আমলী আদালত–২–এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলামের আদালতে তোলা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
মামলার বরাতে পুলিশ জানায়, আইনজীবী গোলাম কিবরিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নীতিশ বিশ্বাস, তাঁর পরিবার ও কলেজের শিক্ষক-কর্মচারীদের নিয়ে একের পর এক কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এর মাধ্যমে তিনি শিক্ষক ও তাঁদের পরিবারসহ কলেজের সুনাম ক্ষুণ্ন করে আসছেন।
এ নিয়ে গত সোমবার সংবাদ সম্মেলনে নীতিশ বিশ্বাস বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ও ২০১৮ সালে জাতীয়করণকৃত সিরাজ উদ্দিন মোমোরিয়াল কলেজ নানা চড়াই–উতরাই পার হয়ে নতুন শতাব্দীর প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। ম্যানেজিং কমিটি তথা শিক্ষক-কর্মচারীদের সহযোগিতা নিয়ে দৃশ্যমান উন্নয়ন তথা শিক্ষা বিস্তারে কলেজটি সুনাম অর্জনে সক্ষম হয়েছে। কিন্তু কলেজের প্রতিষ্ঠাতা খালেক তালুকদারের ছেলে গোলাম কিবরিয়া তারিক কলেজের শিক্ষক ও কর্মচারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ নানা স্ট্যাটাস দিয়ে কলেজের সুনাম নষ্ট করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এমন প্রচারণা শিক্ষা বিস্তার ও কলেজের উন্নয়নের চরম অন্তরায়।