ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা মো. ইব্রাহিম হোসেন
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও আদালত সম্পর্কে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে পঞ্চগড়ে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ওই নেতার নাম মো. ইব্রাহিম হোসেন (২৮)। তিনি পঞ্চগড় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

পঞ্চগড় সদর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পঞ্চগড়র সদর উপজেলার ব্যারিস্টার বাজার থেকে ইব্রাহিমকে আটক করা হয়। পরে রাত পৌনে একটার দিকে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজাহারুল আলম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

ইব্রাহিম হোসেন পঞ্চগড় সদর ইউনিয়নের গোফাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ব্যারিস্টার বাজারে একটি ওষুধের দোকান চালাতেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার হামলা ও ভাঙচুরের একটি মামলায় পঞ্চগড়ের একটি আদালতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ছয়জন নেতা-কর্মীর কারাদণ্ডের রায় হয়। এর পরিপ্রেক্ষিতে ওই দিন দুপুরে ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও আদালত সম্পর্কে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করেন। তিনি নিজের ফেসবুক পোস্ট দিয়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মুক্তি দাবি করেন এবং মানহানিকর তথ্য প্রচার করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ফেসবুকে দেওয়া তাঁর পোস্টের মাধ্যমে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মনে ঘৃণা সৃষ্টি হয়েছে, সরকার ও আদালতকে অবমাননা করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, গ্রেপ্তার ওই তরুণকে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।