ডিশ অ্যানটেনার তার ঠিক করতে গিয়ে মৃত্যু
ডিশের লাইনে সমস্যার কারণে টেলিভিশনে ছবি স্পষ্ট আসছিল না। এ কারণে ছাদে উঠে তা ঠিক করতে গিয়েছিল রিমন (১৩)। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনা আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর গ্রামে।
মো. রিমন চৌধুরী কাইমপুর গ্রামের মো. মোজাম্মেল হক চৌধুরীর ছেলে। সে কাইমপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, রিমনদের বাড়ির ছাদে ডিশ লাইনের অ্যানটেনা রয়েছে। আজ তাদের টেলিভিশনে ছবি স্পষ্ট আসছিল না। তা ঠিক করতে সন্ধ্যায় সে ছাদে উঠে অ্যানটেনার লাইনে অ্যালুমিনিয়ামের তারের সংযোগ দিতে যায়। অনেকক্ষণ ধরে না আসায় রিমনের মা ছাদে ওঠেন। তিনি গিয়ে রিমনকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় আটকে থাকতে দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে যান। তাঁরা রিমনের লাশ উদ্ধার করেন। এ সময় রিমনের হাতের মুঠোয় অ্যালুমিনিয়ামের তারটি ছিল।
জানতে চাইলে কাইমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ভূঁইয়া বলেন, রিমন ডিশের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। মারা যাওয়ার অনেক সময় পেরিয়ে যাওয়ায় তার লাশ হাসপাতালে নেওয়া হয়নি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, খবরটি টেলিফোনে জেনেছেন তিনি। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেননি।