ডিসি ও আইনজীবী সমিতির দ্বন্দ্বে ৪ শ্রমিক আটক
চট্টগ্রাম নগরের পরীর পাহাড়ে পুরোনো গাছ কেটে ফেলার সময় চার শ্রমিককে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে আইনজীবী সমিতির হিলটপ রেস্টুরেন্টের সামনে থেকে গাছ কাটার সময় তাঁদের আটক করা হয়। জব্দ করা হয় গাছ কাটার সরঞ্জাম।
পরীর পাহাড়ে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয় ছাড়াও আদালত ভবন অবস্থিত। আইনজীবীদের ব্যক্তিগত চেম্বারের কয়েকটি ভবনও রয়েছে এখানে। সেখানে নতুন করে একটি ভবন নির্মাণ নিয়ে জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির সঙ্গে বিরোধ চলে আসছিল। এই দ্বন্দ্বের মাঝখানে পড়ে চার শ্রমিককে থানাহাজতে যেতে হলো।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দীন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে গাছ কাটার সময় চার শ্রমিককে আটক করা হয়। তাঁদের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
জানতে চাইলে জেলা প্রশাসকের স্টাফ অফিসার পিযুষ কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রাতের অন্ধকারে আইনজীবী ভবন দোয়েল ও শাপলার মাঝখানের একটি খালি জায়গায় গাছ কাটছিলেন ১০-১২ জন শ্রমিক। একটি বড় শিরীষগাছ সাড়ে সাতটার মধ্যে কেটে ফেলেন। পরে খবর পেয়ে আমরা যাই। তখন আরেকটি গাছ কাটা হচ্ছিল। পরে পুলিশ চারজনকে আটক করে। বাকি শ্রমিকেরা পালিয়ে যান।’
পিযুষ আরও বলেন, ওই জায়গায় আইনজীবী সমিতি ৩১ জানুয়ারি ‘একুশে ভবন’ নামের নতুন একটি বহুতল ভবন করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। এ নিয়ে জেলা প্রশাসন আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থানে আপত্তি দিয়ে আসছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন প্রথম আলোকে বলেন, জায়গাটা আমরা ডিক্রিমূলে পেয়েছি। ওই জায়গায় একটি ভবন হবে। এরই অংশ হিসেবে কিছু খোড়াখুড়ির কাজ ও গাছ কাটার জন্য শ্রমিক নিয়োগ দেওয়া হয়। আগে থেকে ওখানে পুরোনো একটি কাটা গাছ ছিল। আজ শ্রমিকদের কাজ করার সময় ধরে নিয়ে গেছে। এখন আমরা আইনমন্ত্রী ও মেয়রের সঙ্গে কথা বলেছি। এটার একটা সমাধান হবে। নিরীহ শ্রমিকদের ছাড়িয়ে আনার চেষ্টা চলছে।