ডিসির নির্দেশে অবশেষে বাঁধ অপসারণ শুরু করলেন উপজেলা চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান আড়িয়াল খাঁ নদে বাঁধ দিয়ে সড়ক নির্মাণ করেছিলেন। আজ জেলা প্রশাসকের নির্দেশে তিনি ওই বাঁধ অপসারণ শুরু করেন
প্রথম আলো

আজ বুধবার সকাল ৯টা। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান ভেকু নিয়ে উপস্থিত হন আড়িয়াল খাঁ নদের বরাদিয়া ও ফেকামারা প্রান্তে। কয়েক মাস আগে ওই স্থানে তিনি নদের বুক চিরে বাঁধ দিয়ে সড়ক নির্মাণ করেছিলেন। আজ তিনি আসেন ওই বাঁধ অপসারণ করতে। সকাল ১০টার পর থেকে শুরু হয় অপসারণের কাজ।

মোহাম্মদ মুশতাকুর রহমান বলেন, ‘আগেই বলেছি সড়ক করেছি জনগণের যাতায়াত সহজ করার জন্য। তবে যাতায়াত সহজ করতে গিয়ে নদের ক্ষতি হলে সেটাও ভাবনায় রাখা প্রয়োজন। মূলত ওই বোধ থেকেই এখন আবার বাঁধ অপসারণ করে নিচ্ছি।’

গত শনিবার প্রথম আলোর শেষের পাতায় ‘নদের বুক চিরে চেয়ারম্যানের সড়ক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নজরে আসে। এরপর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম চেয়ারম্যানকে দ্রুত সময়ের মধ্যে বাঁধ অপসারণ করে নদ উন্মুক্ত করার নির্দেশ দেন। ডিসির নির্দেশ পাওয়ার পর চেয়ারম্যান আজ থেকে বাঁধ অপসারণ প্রক্রিয়া শুরু করলেন।

গত শনিবার প্রথম আলোর শেষের পাতায় ‘নদের বুক চিরে চেয়ারম্যানের সড়ক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নজরে আসে।

কটিয়াদী অংশে নদটি বয়ে গেছে ফেকামারা গ্রামটির ঘা ঘেঁষে। চেয়ারম্যান নিজেও ওই গ্রামের বাসিন্দা। ওই গ্রামে সরকারের আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের অধীনে গ্রামটিতে ১৬৭টি ঘর নির্মাণ হয়েছে। বেশির ভাগ ঘরে বসবাস শুরু হয়েছে। ফেকামারা গ্রামের বিপরীতে বরাদিয়া গ্রাম। পারাপারে ডিঙি খরচ পাঁচ টাকা। মোহাম্মদ মুশতাকুর রহমান জয় পাওয়ার পর তাঁর নিজ গ্রামের লোকজনের প্রধান দাবি ছিল নদের ওপর সেতু নির্মাণের।

সেতু নির্মাণ ব্যয়বহুল হওয়ায় অবশেষে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা কর্মসূচি (কাবিটা) প্রকল্পের টাকা দিয়ে বাঁধ দেওয়া হয়। ব্যয় হয় চার লাখ টাকা। বাঁধ দেওয়ার কারণে নদটি ওই স্থানে এসে দ্বিখণ্ডিত হয়ে পড়ে। এতে দুই প্রান্তের কয়েক হাজার মানুষের যাতায়াত সহজ হলেও নদটির স্বাভাবিক প্রবাহ হারায়। অথচ নদটিতে খনন প্রক্রিয়া চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড খননকাজে নেতৃত্ব দিচ্ছে।

এদিকে সকাল থেকে বাঁধ অপসারণ প্রক্রিয়া শুরু হওয়ার পর শত শত গ্রামবাসী জড়ো হয়। এই নিয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। নদ বাঁচাতে বাঁধ অপসারণ প্রক্রিয়াকে অনেকে স্বাগত জানান। আবার অনেকে বলেন, এতে এলাকাবাসীর পুরোনো দুর্ভোগ নতুন করে ফিরে আসবে। খননের প্রথম দিন বাঁধের মধ্যভাগ থেকে মাটি অপসারণ করা হয়। পর্যায়ক্রমে দুই পাশ থেকে মাটি সরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়।

ফেকামারা গ্রামের ব্যবসায়ী আফজল হোসেন বলেন, সড়কটি হওয়ায় এত দিন সরাসরি আসা–যাওয়া করা গেছে। আসা-যাওয়ার ক্ষেত্রে রাত-দিন ভাবনায় থাকত না। এখন আবার পুরোনো চিন্তা মাথায় নিয়ে ঘুরতে হবে।

এলাকাবাসীর প্রস্তাব ওই স্থানে পাকা সেতু নির্মাণ করার। আর সেটা করা গেলে মানুষের দুর্ভোগ কমবে, একই সঙ্গে প্রবাহ ঠিক থাকবে আড়িয়াল খাঁ নদেরও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোতিশ্বর পাল বলেন, তাঁদের পরিকল্পনা সম্পূর্ণ বাঁধ অপসারণ করার। তবে জনদুর্ভোগের কথাও মাথায় আছে তাঁদের। সে কারণে সাময়িক সমস্যা সমাধানে বাঁশের সাঁকোর কথা ভাবা হচ্ছে। পরে পাকা সেতু করা হবে।