খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের সব মানুষের জন্য টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। পর্যায়ক্রমে দেশের সব মানুষের টিকাদান নিশ্চিত করা হবে। ডিসেম্বরের মধ্যে দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার।
আজ বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা প্রতিরোধ বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
করোনাভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় সন্তোষ প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। আর সে কারণে টিকাদানকেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভিড় বেড়েছে। তবে মাস্ক পরার ব্যাপারে মানুষের মধ্যে এখনো উদাসীনতা রয়ে গেছে। অনেকে মাস্ক না পরেই বাইরে ঘোরাঘুরি করছেন, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন। টিকা নেওয়ার পরও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। এটা না করলে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না।
আগামী জানুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সম্ভাবনার কথা জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, আগামী জানুয়ারির মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরির চেষ্টা করছে সরকার। সে জন্য শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে। বিভিন্ন দেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকা দেশে পর্যাপ্ত পরিমাণে আসতে শুরু করেছে। আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে কাজ করছে সরকার।
সভার শুরুতে নিয়ামতপুর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সার্বিক চিত্র তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তোফাজ্জল হোসেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মণ্ডল ও নাদিরা বেগম, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।