ডুবে যাওয়া বাল্কহেড থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সোয়া তিনটার দিকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত শ্রমিকের নাম আবদুল মোতালেব (৫৫)। তিনি ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা। মোতালেব বাল্কহেডে শ্রমিকের কাজ করতেন।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, গত বুধবার রাতে দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালানো হয়। উদ্ধার অভিযানে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করেন। আজ বেলা ৩টা ২০ মিনিটের দিকে বাল্কহেডের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাল্কহেড উদ্ধারের বিষয়ে এসআই ইলিয়াস বলেন, বাল্কহেডের অর্ধেকটা ভেঙে গেছে। বাকি অংশ থেকে বালু অপসারণ করে দেশি পদ্ধতিতে (ট্রলার বা অন্য কোনো নৌযান) টেনে তোলার চেষ্টা করছে মালিকপক্ষ।

এর আগে বুধবার রাতে ঢাকার সদরঘাট থেকে যাত্রী বোঝাই করে বরিশালের উদ্দেশে ছেড়ে যায় লঞ্চ সুরভী-৭। চাঁদপুর থেকে ঢাকার ডেমরার দিকে যাচ্ছিল বালুবাহী বাল্কহেডটি। রাত ১১টার দিকে লঞ্চ ও বাল্কহেডটি চরকিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয় শ্রমিকসহ বাল্কহেডটি ডুবে যায়। তাঁদের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে ওঠেন। তবে নিখোঁজ হন মোতালেব। তবে লঞ্চটির সামনের অংশ ফেটে যাওয়ায় অল্পের জন্য লঞ্চের যাত্রীরা রক্ষা পান। পরে ওই লঞ্চের যাত্রা বাতিল করা হলে এমভি কীর্তনখোলা-১০ নামে একটি লঞ্চে করে বরিশালে পৌঁছান যাত্রীরা।