ডুবোচরে বাড়ছে ভোগান্তি

ডুবোচরের কারণে ভোলা থেকে লক্ষ্মীপুর পৌঁছাতেই দিনের বেশির ভাগ সময় শেষ হচ্ছে। চট্টগ্রাম পৌঁছাতে হয় মধ্যরাতে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা

আরও কয়েকটি ডুবোচর জেগেছে ভোলা (ইলিশা)-লক্ষ্মীপুর (মজুচৌধুরীর হাট) নৌপথ মেঘনা নদীতে। এতে ওই নৌপথে দেখা দিয়েছে নাব্যতা–সংকট। ফলে ফেরি-লঞ্চ পারাপারে সময়, অর্থ ও ভোগান্তি—সবই বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, মেঘনা নদীর মধ্যে ভোলার ইলিশা ফেরিঘাটের সামনে পূর্ব দিক বরাবর বিশাল ডুবোচর জেগেছে। উত্তর-দক্ষিণ বরাবর কয়েক মাইলজুড়ে এ চর পড়েছে। ভাটার সময় এ চরমুখ জেগে আছে। জোয়ারে অনেকাংশ ডুবে যায়। এ চরের কারণে লঞ্চগুলোর কোনোটি উত্তরে বঙ্গের চর হয়ে, কোনোটি দক্ষিণে তুলাতুলি হয়ে লক্ষ্মীপুর যাচ্ছে। ফেরিগুলো যাচ্ছে দক্ষিণের তুলাতুলি-কাচিয়া হয়ে।

যাত্রী, চালক, লঞ্চ ও ফেরির মাস্টারদের সঙ্গে কথা বলে জানা যায়, ডুবোচরের কারণে লঞ্চ ও ফেরিগুলোকে ছয়-সাত কিলোমিটার ঘুরে দক্ষিণের তুলাতুলি-কাচিয়া এলাকা হয়ে যেতে হচ্ছে। অনেক লঞ্চ বঙ্গের চর ঘুরে যাচ্ছে।

এ ডুবোচর কাটিয়ে পূর্বে লক্ষ্মীপুরের দিকে এগোলে মাঝনদীতে কয়েক স্থানে আরও ডুবোচর পড়ছে। তখন খুব সাবধানে এগোতে হয়। লঞ্চ-ফেরি সময়মতো লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট, রহমতখালী খালের মুখে পৌঁছাতে না পারলে ডুবোচরে আটকে পড়ে। তখন জোয়ারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

ওই নৌপথ ধরে ফেরিতে যাতায়াত করতে যেখানে দুই-আড়াই ঘণ্টা লাগে, ডুবোচরের কারণে লাগছে অন্তত সাড়ে তিন ঘণ্টা। আর লঞ্চে সাধারণত লাগে সোয়া এক ঘণ্টা, এখন লাগছে প্রায় পোনে দুই ঘণ্টা। যাত্রী, চালকেরা বলছেন, রহমতখালী খালে ১২ মাস খননযন্ত্র থাকে, তারপরও খালে পানি থাকে না। এ নৌপথে কী হচ্ছে, তা কেউ বুঝতে পারছেন না।

চট্টগ্রামগামী ট্রাকচালক উজ্জ্বল হাওলাদার বলেন, ফেরি পারাপারে সময় বেশি লাগায় দুই পাড়ে সব সময় গাড়ির দীর্ঘ লাইন থাকে।এক দিনের জায়গায় কখনো কখনো ঘাটে তিন-চার দিন থাকতে হচ্ছে। অথচ দুই ঘাটে কয়েক ঘণ্টার বেশি সময় থাকার পরিবেশ নেই। না আছে গাড়ি রাখার স্থান, না আছে টয়লেট, না আছে খাবারের ভালো হোটেল। ঘাটে মানবেতর অবস্থায় থাকতে হয়।

পরিবহনকর্মী হোসেন বলেন, প্রতিদিন ভোলা থেকে ১০টি যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশে। ভোলা থেকে লক্ষ্মীপুর পৌঁছাতেই দিনের বেশির ভাগ সময় শেষ হচ্ছে। চট্টগ্রাম পৌঁছাতে লেগে যায় মধ্যরাত। এতে যাত্রীদের ভোগান্তির শেষ নেই।

ভোলার ইলিশা লঞ্চ ও ফেরিঘাটের ইজারাদার ইউসুফ পাটওয়ারী বলেন, এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা ও ডুবোচরে একটি ফেরি দিনে দুই থেকে তিনটি ট্রিপের বেশি দিতে পারছে না। গাড়ির চালক ও যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

এ নৌপথে চলা কুসুমকলি ফেরির মাস্টার অলিউর রহমান বলেন, ডুবোচরের কারণে ফেরিগুলোকে বাড়তি ছয় কিলোমিটার ঘুরতে হয়। পানি মেপে মেপে ফেরি চালাতে হচ্ছে। এতে দুই থেকে পাঁচ ঘণ্টা বেশি লাগছে। ডুবোচরের কারণে জ্বালানি তেলের খরচ বেশি হচ্ছে। চরে আটকে প্রায়ই ফেরি বিকল হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ইলিশা ঘাটের ব্যবস্থাপক পারভেজ খান বলেন, এ নৌপথে এখন কুসমকলি, কলমীলতা ও কিষাণী নামক তিনটি ফেরি চলছে। দিন-রাত ফেরি চলার পরও দুই ঘাটে দুই শতাধিক গাড়ি আটকে থাকে। এ নৌপথের প্রধান সমস্যা নাব্যতা–সংকট। ডুবোচরের কারণে ফেরি পারাপারে সময় বেশি লাগছে। তারপরও দিনে ছোট-বড় প্রায় ৩০০ গাড়ি পার হচ্ছে। ডুবোচরের কারণে একদিকে সময় ও অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে চরে আটকে ফেরির পরিচালনা ব্যবস্থা বারবার বিকল হচ্ছে। যাত্রী ও চালকেরা ভোগান্তির শিকার হচ্ছেন।

বিআইডব্লিউটিএর খনন বিভাগের সহকারী প্রকৌশলী রেজা খন্দকার আজ শনিবার সকালে মুঠোফোনে বলেন, ভোলা-লক্ষ্মীপুর নৌপথের নাব্যতা–সংকট ও ডুবোচরের বিষয়টি কর্তৃপক্ষের মাথায় আছে। কোনো নৌপথ খনন করতে হলে সম্ভাব্যতা যাচাই করতে হয়। বিশেষজ্ঞরা নৌপথটি জরিপ করছেন। যদি খননের সঙ্গে সঙ্গে আবার চর জাগে, তবে কর্তৃপক্ষ খননের কাজে এত টাকা খরচ করবে না। প্রাকৃতিক নিয়মেই ফেরি চলবে।

এই প্রকৌশলী আরও বলেন, রহমতখালী চ্যানেল ১০ বছর ধরে খনন করা হচ্ছে। আশানুরূপ ফল পাচ্ছে না। একদিকে খনন হচ্ছে, আরেক দিকে পলি পড়ছে। এর প্রধান কারণ হচ্ছে, এ খালের মধ্যে দুটি জলকপাট প্রায় সময় বন্ধ থাকে। আশপাশে খননকৃত মাটি-বালু ফেলার স্থান নেই। দূরের নদীতে ফেললে আবার জোয়ারে ভেসে আসে।