ডুমুরিয়ায় আ.লীগের ১১২ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকার বিপক্ষে কাজ করায় ১১২ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতিসহ জেলা পরিষদের সদস্যও আছেন। শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ ১১ নভেম্বর। এ নির্বাচনে ‘বিদ্রোহী’ ও নৌকার প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করায় জেলা আওয়ামী লীগের ১১২ নেতা-কর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শাও নোটিশও করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ইউপি নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের পক্ষে দলীয় যেসব নেতা-কর্মী কাজ করবেন, তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে। গত ১১ সেপ্টেম্বর এক বৈঠকে খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিও ওই সিদ্ধান্তের বিষয়ে একমত হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ২৯ অক্টোবর বিদ্রোহী প্রার্থী ও বিপক্ষের প্রার্থীদের পক্ষে কাজ করা নেতা-কর্মীদের বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার।

ওই সুপারিশের ভিত্তিতে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক সুজিত অধিকারীর নির্দেশক্রমে ইউপি নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী ও বিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করায় ১১২ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হলো।