ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার, বাবার অভিযোগ হত্যা
বগুড়ার শেরপুরে ডোবা থেকে দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের দড়িহাসরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
ওই শিশুর নাম সানি। সে একই ইউনিয়নের গোয়ালজানি গ্রামের মো. আবদুল মমিনের (২৭) ছেলে। আবদুল মমিনের অভিযোগ, তাঁর সাবেক শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে ডোবায় ফেলে হত্যা করেছেন।
আবদুল মমিন বলেন, প্রায় দুই বছর আগে উপজেলার একই ইউনিয়নের দড়িহাসরা গ্রামের দুলাল মিয়ার মেয়ে মোছা. সান্ত্বনার (২২) সঙ্গে তাঁর বিয়ে হয়। সানি তাঁদের একমাত্র সন্তান ছিল। পারিবারিক কলহের কারণে প্রায় চার মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদের পর থেকে সানিকে নিয়ে সান্ত্বনা তাঁর বাবার বাড়িতে থাকতেন। আজ দুপুর ১২টার দিকে তিনি খবর পান, পানিতে পড়ে তাঁর ছেলে মারা গেছে। সাবেক শ্বশুরবাড়ির লোকজন তাঁর সন্তানকে ডোবায় ফেলে দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে তিনি দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে সানির নানা দুলাল মিয়া ও মা সান্ত্বনা বলেন, আজ সকাল ১০টা থেকে সানিকে বাড়ির ভেতরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে সানিকে ভেসে থাকতে দেখেন তাঁরা। এরপর সানিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
আবদুল মমিনের অভিযোগ প্রসঙ্গে সান্ত্বনা বলেন, তাঁর সাবেক স্বামী তাঁদের পরিবারের ওপর মিথ্যা অভিযোগ তুলেছেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় বর্মন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করেছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য আজ বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ওই শিশুর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এটা হত্যা না পানিতে ডুবে মৃত্যু, সেটা এখনো নিশ্চিত নন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই শিশুর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।