ডোবা থেকে শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ডোবা থেকে এক শিশুর হাত, পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দোনা গ্রাম থেকে পরিবারের সদস্যরা শিশুটির লাশ উদ্ধার করেন।

শিশুটির নাম লিমন মোল্লা (১০)। সে দোনা গ্রামের চাল ব্যবসায়ী ইমন মোল্লার ছেলে। লিমন ​স্থানীয় এপি কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

লিমনের চাচা এমদাদুল মোল্লা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত লিমন কালিকাবাড়ি এলাকায় বাবার দোকানে ছিল। সন্ধ্যা ছয়টার দিকে দোকান থেকে লিমন বাড়ির উদ্দেশে রওনা দেয়। রাত সাড়ে আটটার দিকে বাড়িতে গিয়ে তাঁরা জানতে পারেন, লিমন ফেরেনি। এর পর থেকেই তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে রাত ১০টার দিকে স্থানীয় একটি বাগানের ডোবায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লিমনকে পাওয়া যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শত্রুতা করে কেউ ছেলেকে হত্যা করেছে দাবি করে লিমনের বাবা ইমন মোল্লা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।