ডোমারে ট্রেনের ধাক্কায় ট্রাকচালকের সহকারী নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোমার-চিলাহাটি রেলপথের কাজিরহাট এলাকায় লেভেলক্রসিংয়ে আজ মঙ্গলবার ইটবোঝাই ট্রাককে ধাক্কা দেয় ট্রেন
ছবি: প্রথম আলো

নীলফামারীর ডোমার উপজেলার কাজিরহাট এলাকায় লেভেলক্রসিংয়ে আজ মঙ্গলবার সকালে ইটবোঝাই ট্রাককে ধাক্কা দেয় একটি ট্রেন। এতে ট্রাকচালকের সহকারী ঘটনাস্থলে নিহত হন। ট্রাকের চালকসহ আহত হন দুজন।

নিহত সাকিল হোসেনের (২২) বাড়ি নওগাঁ জেলায়। ট্রাকের চালক হাসান মাহমুদের বাড়িও নওগাঁয়। এ ঘটনায় আহত হন স্থানীয় ইট ব্যবসায়ী আনিছুর রহমান (৪০)। আহত দুজনকে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হননি। দুর্ঘটনার পর চিলাহাটি, ডোমার ও নীলফামারী হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চিলাহাটি রেলস্টেশনে আটকা পড়েছে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস। এ ছাড়া নীলফামারী স্টেশনে আটকা পড়েছে তিতুমীর এক্সপ্রেস। দুপুরে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাতটার দিকে নওগাঁ থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক কাজিরহাট এলাকায় রেলওয়ের অরক্ষিত লেভেলক্রসিং পার হচ্ছিল। তখন চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনটি ধাক্কা দেয় ট্রাকটিকে। সেখানে কোনো গেটম্যান নেই। সাইনবোর্ডে লেখা রয়েছে ‘গেটম্যান নেই, দেখে শুনে চলাচল করুন।’

চিলাহাটি স্টেশনমাস্টার আশরাফুল ইসলাম বলেন, ‘সকাল ৬টা ৫০ মিনিটে ছেড়ে যায় খুলনাগামী “খুলনা মেইল” ট্রেনটি। ৭ মিনিট পর খবর পাই চিলাহাটি থেকে ৫ কিলোমিটার অদূরে কাজিরহাট লেভেলক্রসিংয়ে একটি ইটবোঝাই ট্রাককে ধাক্কা দিয়েছে ট্রেনটি। পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে বেলা একটার দিকে উদ্ধারকাজ শুরু করেছে। ওই রুটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’

সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান বিশ্বাস বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক হাসান মাহমুদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।