টাঙ্গাইলের পাহাড়ি এলাকায় ড্রাগন ফলের চাষ বাড়ছে। বিদেশি এ ফলের ব্যাপক চাহিদা রয়েছে। তাই বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে এ ফল।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বহু গুণে গুণান্বিত পুষ্টিকর ড্রাগন ফলের গাছ ক্যাকটাস–জাতীয়, লতানো। তাই এ গাছ খুঁটির সঙ্গে বেঁধে দিতে হয়। একটি খুঁটিতে চার থেকে পাঁচটি ড্রাগনচারা দেওয়া যায়।
স্থানীয় কয়েক বাসিন্দা জানান, টাঙ্গাইল অঞ্চলের প্রথম ড্রাগন ফল চাষ শুরু হয় আট বছর আগে। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শামসুল আলম ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর গ্রামের পাহাড়ি জমিতে ড্রাগন ফলের বাগান করেন। শুরুতেই সফলতা পান। তাঁর সফলতা দেখে পরের বছর মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের ছানোয়ার হোসেন ড্রাগন ফল চাষ শুরু করেন।
ছানোয়ার হোসেন বলেন, তিনি প্রথমে ১৫ শতাংশ জমিতে ড্রাগনের ৪০০টি চারা লাগান। এক বছরের মধ্যেই ফল আসতে শুরু করে। পরের বছর থেকে পুরোদমে ফলন হয়। বিক্রি করে ভালো লাভ পান। এতে উৎসাহ বেড়ে যায়। নতুন জমিতে ড্রাগন চাষ শুরু করেন। বর্তমানে প্রায় এক একর ড্রাগন চাষ করছেন। এতে তিন হাজার ড্রাগনগাছ রয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, অন্যান্য যেকোনো ফসলের চেয়ে ড্রাগন ফল চাষ এখন লাভজনক। তাই মধুপুর, ঘাটাইল ও সখীপুরের পাহাড়ির এলাকায় প্রতিবছর বাড়ছে ড্রাগন ফলের চাষ। বাইরের লোকজনও বাণিজ্যিক ভিত্তিতে এ এলাকায় ড্রাগনবাগান গড়ে তুলছেন। বড় বড় বাগানের পাশাপাশি বাড়িতেও ছোট ছোট অনেক বাগান গড়ে উঠছে। ড্রাগনবাগানে সাথি ফসল হিসেবে নানা সবজি, হলুদ, পেঁপেসহ বিভিন্ন ফসল আবাদ করে বাড়তি আয় করা যায়।
টাঙ্গাইল শহরের সোলায়মান হাসান মধুপুরের সোলাকুড়ি গ্রামে ১০ একর জমি ভাড়া নিয়ে ড্রাগনবাগান করেছেন। তিনি জানান, এটি লাভজনক। বাজারে এ ফলের ভালো চাহিদা রয়েছে। তাই তিনি এ বাগান করেছেন। এ বছর ফল আসতে শুরু করেছে।
ঘাটাইলের সাগরদীঘি গ্রামে হেকমত সিকদার দুই একর জমিতে ড্রাগনগাছ লাগিয়েছেন। ১১ মাস আগে লাগানো গাছগুলোতে ফল এসেছে। এবার ১০–১২ লাখ টাকার ফল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। পরের বছর গাছ আরও বড় হবে। ফলন আরও অনেক বাড়বে বলে তিনি আশা করছেন।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান, ড্রাগন ফল চাষ অনেক বেশি লাভজনক। এ ফল চাষে ঝামেলা অনেক কম। তাই এ অঞ্চলে এর চাষ বাড়ছে। পাহাড়ি এলাকার অনেক চাষি ড্রাগন ফলে লাভবান হচ্ছেন।